পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাগরীকদের করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ দেওয়ার হারে বিশ্বে শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। দেশটিতে এখন পর্যন্ত মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ দেওয়া হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং ফেসবুক পোস্টে বলেছেন, ‘আমরা আরেকটি মাইলফলক অতিক্রম করেছি। আমাদের দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষ করোনার দুই ডোজই পেয়েছে। তার মানে করোনা নিয়ন্ত্রণে সিঙ্গাপুর আরও এক ধাপ এগিয়ে গেল।’
চ্যানেল নিউজ এশিয়ার তথ্য অনুযায়ী, গত শনিবার সিঙ্গাপুরে ১১৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৭১ জন ও মারা গেছেন ৫৫ জন।
আগস্টের শুরুতেই দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেছিলেন, সিঙ্গাপুর যদি করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা কমিয়ে আনতে পারে, স্বাস্থ্যখাত যদি চাপমুক্ত থাকতে পারে তাহলে অর্থনীতি আরও উন্মুক্ত করে দেওয়া হবে। সামাজিক কার্যক্রম স্বাভাবিক করা হবে ও কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ শুরু হবে।


