পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ রাজধানীর মিরপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে উপহারের টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতের নাম-মোঃ খলিল (৩৫)। তিনি পটুয়াখালীর কলাপাড়া থানার খেউপাড়া গ্রামের আনছার আলী সরদারের ছেলে।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাজিরুর রহমান জানান, ০২ অক্টোবর মিরপুর-১ এর সিটিমহল চাইনিজ রেস্টুরেন্টে একটি বিয়ের অনুষ্ঠানে বিনা দাওয়াতে উপস্থিত হন খলিল। সেখানে তিনি উপস্থিত মেহমানদের সাথে খাবার খান। বিয়ের অনুষ্ঠানে আগত আত্মীয়-স্বজনদের দেয়া উপহার প্রায় ৫ লক্ষ ৫৯ হাজার টাকা একটি স্কুল ব্যাগে রক্ষিত ছিল। টাকার ব্যাগটি ছিল রেস্টুরেন্টের ক্যাশ টেবিলের উপর। সবাই যখন বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত এই সুযোগে সবার অগোচরে টাকার ব্যাগটি নিয়ে সটকে পড়েন খলিল। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়।
তিনি বলেন, মামলা রুজুর পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে মিরপুর পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চোরাইকৃত স্কুল ব্যাগসহ নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সেই সাথে চুরি করার সময় তার পরনের পাঞ্জাবি ও প্যান্ট উদ্ধার করা হয়।
ওসি মোস্তাজিরুর রহমান আরো জানান, সোমবার (২৬ অক্টোবর) গ্রেপ্তারকৃত খলিলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
/এএ


