বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর কিছু কিছু অঞ্চল একটু বৃষ্টি হলেই যেনো ভরা বর্ষার দেখা মিলে। রোববার দিবাগত রাত থেকে শুরু হয়েছিল শ্রাবণে বৃষ্টি। আর যেনো থামছেই না। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা দেয় নানারকম জলাবদ্ধতা। এ জলাবদ্ধতা কমিয়ে আনার জন্য কাজ করছিল সিটি করপোরেশন। এ বর্ষায় অন্তত পরবর্তী পদক্ষেপ গ্রহণের নতুন কর্মসূচি হাতে নিতে হবে।
রাজধানীতে জলাবদ্ধতার কারণে বহু এলাকায় পথচারীদের দুর্ভোগে পড়তে হয়।
রাজধানীতে সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে বিভিন্ন স্থানে রাতেও বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টির কারণে ধানমন্ডির বিভিন্ন এলাকা, ২৭ নম্বর মোড়, পশ্চিম রাজাবাজার, মিরপুর রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া জলাবদ্ধতা দেখা দিয়েছে ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজারেও।
বৃষ্টি ও জলাবদ্ধতায় কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মক্ষেত্রে গেছেন। আবার অনেকে জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারছেন না। বেশ কিছু বাসার নিচতলায় পানি ঢুকে গেছে। কিছু এলাকায় দোকানপাটেও পানি প্রবেশ করেছে।
বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রাস্তার ওপর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। ফলে জলজটের পাশাপাশি যানজটও তৈরি হয় এসব এলাকায়।


