বেবিচকের অনুমোদন পেল আরও একটি বেসরকারি এয়ারলাইন্স

বেবিচকের অনুমোদন পেল আরও একটি বেসরকারি এয়ারলাইন্স

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে আরও একটি বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে অনাপত্তি সনদ (নো অবজেকশন সার্টিফিকেট-এনওসি) পেয়েছে।

নতুন এই বেসরকারি উড়োজাহাজ সংস্থার নাম ‘এয়ার অ্যাস্ট্রা’। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এনওসি পেয়েছে সংস্থাটি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার তারা এনওসি দিয়েছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে এয়ার অপারেটর সার্টিফিকেটের (এওসি) জন্য আবেদন করা হবে। সব অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অপারেশন শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

ইমরান আসিফ আরও বলেন, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রুটে ৪টি এয়ারক্রাফট নিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে আমাদের।

দেশে বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *