ব্যাটিংয়ে টাইগাররা, শুরুতেই দুই ওপেনার গায়েব

ব্যাটিংয়ে টাইগাররা, শুরুতেই দুই ওপেনার গায়েব

ব্যাটিংয়ে টাইগাররা, শুরুতেই দুই ওপেনার গায়েব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টস জিতে ব্যাট করতে নামার পরই হয়তো বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা বুঝতে পেরেছেন, তারা কি ভুলটাই না করে ফেলেছেন। এই উইকেটে ভারতকে ব্যাট করতে পাঠানোর দারুণ একটা সুযোগ ছিল। কারণ, প্রথম ওভার থেকেই ইন্দোরের উইকেটে বলকে লাটিমের মত ঘোরাতে শুরু করেছে ভারতীয় পেসাররা।

এমনিতেই ভারতের তিন পেসার ইশান্ত শর্মা, উমেষ যাদব এবং মোহাম্মদ শামি রয়েছেন দুর্দান্ত ফর্মে। বলা হচ্ছে, টেস্টে সম্ভবত এই মুহূর্তে সেরা পেস অ্যাটাক রয়েছে বিরাট কোহলির হাতে। সেই পেসারদের বিপক্ষে ইন্দোরের হলকার স্টেডিয়ামে হালকা ঘাসযুক্ত উইকেটে প্রথমে ব্যাট করতে নামার সিদ্ধান্তকে খুবই ‘সাহসী’ বলে মন্তব্য করেছেন সুনিল গাভাস্কার।

টসের পর ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানিয়েছেন, টস জিতলে এই উইকেটে প্রথমে বোলিংই নিতেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘এই উইকেটে কিছুটা ঘাস রয়েছে। আর ঐতিহাসিকভাবে ইন্দোরে টেস্টের প্রথম দিনটা বোলারদের জন্যই বেশ উপযুক্ত। সুতরাং, টস জিতলেও আমরা বোলিং নিতাম। আমাদের দলে তিন পেসার রয়েছে। এই উইকেটটা তাদের জন্য একেবারেই উপযোগি। একই সঙ্গে তারা রয়েছে খুব ফর্মে। দ্বিতীয় দিন থেকেই এই উইকেটটি আবার ব্যাটিংয়ের জন্য তরতাজা হয়ে উঠবে। এ কারণেই আমরা বোলিংটাই প্রথমে করার চিন্তা করেছিলাম।’

এই তিন পেসারের সামনে বাংলাদেশ স্কোরবোর্ডে প্রথম রান যোগ করতে লেগেছে তিন ওভার। কিন্তু চোখের পলকে সুইং করে ভেতরে ঢোকা কিংবা বাইরে বেরিয়ে যাওয়া বলকে মোকাবেলা করে কতক্ষণই বা টিকে থাকা যায়! টিকতে পারলেন না দুই ওপেনার ইমরুল কায়েস এবং সাদমান ইসলামও।

শেষ পর্যন্ত ৬ষ্ঠ ওভারে গিয়ে, দলীয় ১২ রানের মাথায় ব্যাটের কানায় লাগিয়ে থার্ড স্লিপে আজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিতে বাধ্য হন ইমরুল কায়েস। বোলার ছিলেন উমেষ যাদব। বাঁ-হাতি ব্যাটসম্যানের জন্য বলটা ছিল আউট সুইঙ্গার। বডি লাইনে বলটা পিচ করে আউট সুইংয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই ব্যাটের কানায় লাগিয়ে বসেন ইমরুল। ফল যা হওয়ার তাই হলো। ৬ রানে ফিরলেন ইমরুল।

পরের ওভারের শেষ বলে ফিরে গেলেন সাদমান ইসলামও। এবার ইশান্ত শর্মা হলেন উইকেট শিকারী। তার বল ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহার হাতে জমা দিলেন সাদমান। তিনিও করেন ৬ রান।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩ রান। মোহাম্মদ মিঠুন এবং মুমিনুল হক রয়েছেন এখনও কোনো রান না করেই।

সাইফ হাসানের অভিষেক হবে কি হবে না- তা নিয়ে একটা গুঞ্জন ছিল। কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আপাতত ভারতের বিপক্ষে কোনো পরীক্ষা-নীরিক্ষার পথে হাঁটেনি। বরং, কোনো অভিষেকই ঘটানো হয়নি বাংলাদেশ দলে। টিম ম্যানেজমেন্ট চেষ্টা করেছে, যতটা সম্ভব অভিজ্ঞদের দিয়েই একাদশ সাজাতে।

সে হিসেবে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ চেষ্টা করেছে, দলের মধ্যে ব্যাটিং শক্তি বাড়াতেই। গতকাল রাতেই জাগো নিউজে সংবাদ প্রকাশ হয়েছে, ৭ জন ব্যাটসম্যানের সঙ্গে ২ জন করে স্পিনার এবং পেসার নেয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত সেটাই সঠিক হলো।

শুধু সংশয় ছিল, কোন দুই পেসারকে দলে নেয়া হবে তা নিয়ে। কারণ, দীর্ঘদিন পর টি-টোয়েন্টিতে ফিরেই দারুণ বোলিং করেছেন আল আমিন হোসেন। যে কারণে তার টেস্টেও খেলার একটা সম্ভাবনা ছিল। মোস্তাফিজকে না খেলানোর সম্ভাবনাই বেশি ছিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। মূলতঃ টেস্ট স্পেশালিস্ট হিসেবে আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেনকেই পেসার হিসেবে দলে নেয়া হয়েছে।

এছাড়া স্পিন স্পেশালিস্ট হিসেবে কাদেরকে দলে নেয়া হবে তা নিয়েও একটা সংশয় ছিল। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ টেস্টে অটোমেটিক চয়েস। সঙ্গে অফ স্পিনার নাঈম হাসান নাকি তাইজুল ইসলাম- এটা নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু সাকিব আল হাসানের অনুপস্থিতির কারণে বাঁ-হাতি অর্থোডক্স তাইজুল ইসলামকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এই চার বোলারছাড়া পুরো দলটাই ব্যাটিং নির্ভর। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে অভিজ্ঞ ইমরুল কায়েস। এরপর তিন নম্বরে মোহাম্মদ মিঠুন, চারে অধিনায়ক মুমিনুল হক, পাঁচে মুশকিুর রহীম, ছয় এবং সাতে মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। এরপর আট নম্বরে মেহেদী হাসান মিরাজও ব্যাট চালাতে পারবেন।

বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাজী এবং এবাদত হোসেন।

ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি এবং উমেষ যাদব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *