ভাইয়ো, আল্লাহ আমাদের ডাকছেন : আল্লামা মাসঊদ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল্লাহ তাআলা সহগ্র মানব জাতিকেই ডাকছেন উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ভাইয়ো, আল্লাহ আমাদের ডাকছেন। আমরা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য এই ইসলাহী ইজতেমায় এসে হাজির হয়েছি। আমরা আশা করছি, আল্লাহ আমাদের এই মুজাহাদা ও ইজতেমা কবুল করে নিবেন। আমাদেরকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিবেন। এই ইসলাহী ইজতেমার একমাত্র উদ্দেশ্য আল্লাহকে পেতে চাই।
আল্লাহর দিকে এলে মুসলিম বিশ্বে শান্তি ফিরে আসবে মন্তব্য করে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সারাবিশ্বে আজ মুসলিমরা নির্যাতন-নিপীড়নের শিকার। কোথাও শান্তি। তার একমাত্র কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি, আমাদের মালিকে ভুলে গেছি।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, নির্যাতন-নিপীড়ন থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আল্লাহর রাহে ফিরে আসতে হবে। এখানেই আমাদের নাজাত ও মুক্তি। তাই আল্লাহর ইবাদত-বন্দেগী ও হুকুম-আহকাম পালনে মগ্ন হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কিশোরগঞ্জের তাড়াইলের বেলঙ্কা জামিয়াতুল ইসলাহ ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমায় মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
তিনি বলেন, বান্দা যখন আল্লাহকে পেতে চেষ্টা করে, তখন আল্লাহ নিজেই এসে বান্দার কাছে ধরা দেন। আল্লাহ বান্দার চেষ্টা করাকেই পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে, দুনিয়া ও আখেরাতে তার কোন পেরেশানি থাকবে না। শান্তি-সুখেই বসবাস করবে।
জুমআর দিনের আমলের ফজিলত বর্ণানা করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, আজ জুমার দিন। সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। তাই একসাথে আমালের মধ্য দিয়ে আজকের দিন কাটাই। সূরা কাহাফ তেলাওয়াত করি। তওবা করি পিছনের সব গুনাহ থেকে।
আল্লামা মাসঊদ বলেন, দরুদ শরীফ গুরুত্বপূর্ণ একটি আমল। এ আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। এটি মুমিনের আত্মার খোরাক এবং প্রিয় তাসবিহ। আমাদের পেয়ারে নবীজী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন তাঁর উপর দুরূদ প্রেরণ করা। জুমার দিনে নবীজী উপর বেশি বেশি দুরূদ প্রেরণ করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, অনুকূল আবহাওয়া, শান্তিপূর্ণ পরিবেশে, হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে ভারতের জমিয়তে উলামা হিন্দের জাদরেল নেতা, প্রাচীন মাদ্রাসা ‘আমরুহা মাদ্রাসার’ সদরুল মুদাররিস ও মুহাদ্দিস মাওলানা কারী সাইয়্যিদ আফফান মনসুরপুরীর ইমামতিতে কিশোরগঞ্জের তাড়াইলের বেলঙ্কা জামিয়াতুল ইসলাহ ময়দানে বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইজতেমায় অংশগ্রহণকারী কয়েক হাজার মুসল্লি ছাড়াও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহন এবং পায়ে হেঁটে শরীক হয়েছেন এই বৃহত্তম জুমার জামাতে।


