পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে আগের চারটি লোকসভা নির্বাচনের তুলনায় এবার মুসলিম সাংসদের সংখ্যা বেড়েছে। এবার ১৭তম লোকসভা নির্বাচনে মোট ২৭ জন মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকেই জিতেছেন ১২ জন। তাদের মধ্যে কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ ও হায়দরাবাদের আসাদ উদ্দিন ওয়াইসি এবং এআইইউডিএফ এর বদরুদ্দিন আজমল উল্লেখযোগ্য।
এদের মধ্যে হায়দরাবাদ থেকে দুই লাখ ৮২ হাজার বেশি ভোট জয়ী হয়েছেন ওয়াইসি। এটা তার টানা চতুর্থ বিজয়। ভারতের সবচেয়ে বেশি মেয়াদে নির্বাচিত মুসলমান প্রার্থীও হচ্ছেন তিনি।
তার দলের প্রার্থী সাবেক সাংবাদিক ইমতিয়াজ জলিল সাঈদ মহারাষ্ট্র থেকে ৪৫ হাজার বেশি ভোটে জয়ী হয়েছেন।
গত লোকসভায় ২৩ জন মুসলমান সাংসদ ছিলেন। তাদের অধিকাংশই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন।
পরিসংখ্যান বলছে, এবারই সর্বোচ্চ নয় এর আগে ১৯৮০ সালে সবচেয়ে বেশি মুসলমান প্রার্থী লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তখন ৪৯ জন সাংসদ ছিলেন মুসলিম।
ভারতের জনসংখ্যার এক পঞ্চমাংশ হচ্ছেন মুসলমানরা। এসব প্রার্থীরা তাদের হয়ে লোকসভায় প্রতিনিধিত্ব করেন।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৩০৩ আসনে বিজয়ী হলেও, তাদের একজন সাংসদও মুসলিম নন। অপরদিকে, বিজেপির শরিক দল লোক জনশক্তি পার্টির মুসলিম প্রার্থী মেহবুব আলী কায়সার বিহারের খাগারিয়া আসন থেকে জয় পেতে সক্ষম হয়েছেন।
জম্মু এবং কাশ্মীরে তিনজন, পশ্চিমবঙ্গে দুজন এবং লাক্ষাদ্বীপে একজন মুসলিম ব্যক্তিকে দলীয় প্রার্থী করলেও, বিজেপির এই ছয় প্রার্থীর সবাই পরাজিত হয়েছেন।
অপরদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে নির্বাচিত হয়েছেন ৫ মুসলিম প্রার্থী। কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন ৪ জন। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ন্যাশনাল কনফারেন্স ও ইউনিয়ম মুসলিম লিগ থেকে আছেন ৩ জন করে সাংসদ। এআইএমআইএম এর আছে দুই নির্বাচিত প্রতিনিধি। রামবিলাস পাসোয়ানের এলজেপি, শরদ পাওয়ারের এনসিপি, সিপিআইএম ও বদ্রুদ্দিন আজমলের এআইইউডিএফ থেকে জিতে সংসদে এসেছেন একজন করে প্রার্থী।


