ভারতে একদিনে ৩৭৮০ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৮২ হাজার

ভারতে একদিনে ৩৭৮০ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৮২ হাজার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে গত তিন দিন ধরে করোনা সংক্রমণ কিছুটা কমার পর বুধবার (৫ মে) ফের বেড়েছে দৈনিক সংক্রমণ। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে আরও তিন লাখ ৮২ হাজার ৩১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবারের (৪ মে) তুলনায় এ সংখ্যা প্রায় ২৫ হাজার বেশি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট দুই কোটি ছয় লাখ ৬৫ হাজার ১৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই লাখ ২৬ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের পর শুধু ভারতেই মোট আক্রান্ত দুই কোটির বেশি। ভারতের পিছনে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত এখনও দেড় কোটি ছাড়ায়নি। বিশ্বের বাকি কোনও দেশে এক কোটিও ছাড়ায়নি আক্রান্তের সংখ্যা।

সংক্রমণের মতো গত ২৪ ঘণ্টায় ভারতে মৃতের সংখ্যাও বেড়েছে। এ সময়ে তিন হাজার ৭৮০ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। একদিনে মৃত্যু নিরিখে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ২৬ হাজার ১৮৮ জন। মোট মৃত্যুর নিরিখে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই রয়েছে ভারত।

দৈনিক সাড়ে তিন লাখেরও বেশি নতুন শনাক্তের জেরে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। বাড়তে বাড়তে এ সংখ্যা ৩৪ লাখ ৮৭ হাজার পার করেছে। যদিও সপ্তাহখানেক আগে দৈনিক সক্রিয় রোগী বাড়ছিল এক লাখেরও বেশি করে। এখন তা কমে ৪০-৫০ হাজারের ঘরে নেমে এসেছে।

এই পরিস্থিতিতেই চলছে টিকাদান কর্মসূচি। তৃতীয় দফার টিকাদান শুরু হয়েছে গত ১ মে। কিন্তু গত এক সপ্তাহে টিকার ডোজ দেওয়া হয়েছে অনেক কম। গত ২৪ ঘণ্টায় মাত্র ১৫ লাখ ৬১ হাজার ২৬৭ জন টিকা পেয়েছেন। এ নিয়ে ভারতে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৬ কোটিরও বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *