পাথেয় টোয়েন্টিফর ডটকম : ভারতে নতুন দল গঠন করছেন সুপারস্টার রজনীকান্ত। বিজেপি ঘেঁষা বলে এতদিন পরিচিতি ছিল তার। তবে ভারতের লোকসভা নির্বাচনের আগে সুর পাল্টে ফেলেছেন সুপারস্টার রজনীকান্ত। যদিও সরাসরি বিজেপির সমালোচনা করেননি তিনি। তবে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অবস্থানকে সমর্থন জানিয়েছেন।
সোমবার চেন্নাই বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন দক্ষিণী ছবির এই তারকা। সেখানে তাকে প্রশ্ন করা হয়, বিজেপি কি বিপজ্জনক দল? তা না হলে জাতীয় স্তরে এভাবে বিজেপি বিরোধী জোট তৈরি কেন হচ্ছে? জবাবে তিনি বলেন, বিরোধী দলগুলো যখন এমনটা ভাবছেন, সত্যি হয়তো তাই হবে!
এতদিন মোদি সরকারের নোটবন্দির সিদ্ধান্তের অন্যতম সমর্থক ছিলেন রজনীকান্ত। সে ব্যাপারেও নিজের মত বদলাতে দেখা গেল এবার। তিনি বলেন, নোটবন্দির বাস্তবায়ন প্রক্রিয়ায় গলদ ছিল। এটা নিয়ে সবিস্তার আলোচনা হওয়া দরকার। তার মন্তব্য নিয়ে বিতর্ক বাঁধতে দেখে মঙ্গলবার সাফাই দিয়ে এগিয়ে আসেন প্রবীণ অভিনেতা। তিনি বলেন, আমি আসলে বলতে চেয়েছি, বিরোধীরা বিজেপিকে বিপজ্জনক বলে মনে করে। তবে এ ব্যাপারে মানুষই সিদ্ধান্ত নেবেন। একজনকে রুখতে যদি ১০জনকে চড়াও হতে হয়, তাহলে আপনারাই ভাবুন, কে বেশি শক্তিশালী।
তাহলে কি বিজেপিকে চটাতে চান না বলেই রাতারাতি মত পাল্টে ফেললেন রজনী? তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এদিকে বিজেপির সঙ্গে জোটের কথা উড়িয়ে দিয়েছেন রজনী। তার দাবি, অনেকেই বলে বেড়ায় বিজেপির ভরসাতেই নাকি এগোচ্ছি আমি। যা একেবারেই ঠিক নয়। ভগবান এবং মানুষের উপরই একমাত্র আস্থা আমার।
ইতোমধ্যেই নিজের দলের নাম ‘রজনী মক্কল মন্দ্রম’ ঘোষণা করেছেন রজনী। তবে নির্বাচনী প্রস্তুতি নিয়ে কিছু জানাননি। ১২ ডিসেম্বর তার জন্মদিন। ওইদিনই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করছেন তার অনুরাগীরা।
উল্লেখ্য, রজনীকান্ত (জন্মনাম শিবাজী রাও গায়কবাড়, জন্ম- ১২ই ডিসেম্বর, ১৯৫০) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক প্রতীক। ১ তিনি চলচ্চিত্র জগতে অভিষেক করেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গাল (১৯৭৫) এ অভিনয়ের মাধ্যমে, এই সিনেমার পরিচালক কে.বলচন্দ্র, যার উপদেশে তিনি সিনেমাতে অভিনয় করেন। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন।
ভারতীয় শহর বেঙ্গালুরুতে বেড়ে উঠেন, রজনীকান্ত অসচ্ছল জীবনের সাথে লড়াই করে কাটিয়েছেন তার শৈশব। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সহকারী হিসেবে কাজ করা অবস্থায় তিনি নাটকে অভিনয় করতেন। তিনি ১৯৭৩ সালে মাদ্রাজ আসেন “মাদ্রাজ ফিল্ম ইনিস্টিটিউট” থেকে অভিনয়ের উপর ডিপ্লোমা পড়ার জন্য। তামিল চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে রজনীকান্ত একসময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ভারতীয় জনপ্রিয় সংস্কৃতিতে তিনি “ অভিনয় দেবতা” হিসেবে জনপ্রিয় হন। সিনেমায় তার আচরণ এবং সংলাপের ধরন তার জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখে। “শিবাজী” সিনেমায় অভিনয়ের জন্য তিনি ₹২৬০ মিলিয়ন (US$৩.৯৮ মিলিয়ন) সম্মানী নেওয়ার পর তিনি জ্যাকি চ্যানের পর এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন।


