পাথেয় রিপোর্ট : ভারসাম্য ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে ইসলামের বিকল্প নেই মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ভারসাম্য ও ইনসাফপূর্ণ সমাজ গঠন ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। সমাজে যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা দূর করতে হলে ইসলামের বিকল্প নেই।
তিনি বলেন, প্রচলিত সমাজ ব্যবস্থায় ধর্নীরা আরো ধনী এবং অসহায় ও গরীবরা আরো গরীব হচ্ছে। দুর্নীতি ও সন্ত্রাস পুরো দেশকে গ্রাস করে ফেলেছে। সমাজের প্রতিটি রন্দ্রে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দূর্নীতির কারণেই সমাজে আয়বৈষম্য ও বেকারত্ব বাড়ছে। দেশের উন্নয়ন প্রকল্পে লুটপাটের মহোৎসব চলছে। বাংলাদেশের প্রতি চারজনের একজন এখনও অতিদরিদ্র। এ দূর্নীতিগ্রস্ত নেতৃত্ব ও রাষ্ট্রব্যবস্থা বহাল রেখে অসহায় মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব নয়। দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রথমেই দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।
সোমবার (২৭ মে) বিকেলে রাজধানীর মিরপুরস্থ একটি মিলনায়তনে ইসলামী সমাজ গঠনে মাহে রমযানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম সভাপতি মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ কামালুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী আকন।
প্রসঙ্গত, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মঙ্গলবার (২৮ মে) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী সমাজ গঠনে মাহে রমযানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী আকন।


