ইসলাম বিশ্ববাসীর জন্য নেয়ামত : রাবেতার সেমিনারে আল্লামা মাসঊদ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম ধর্ম বিশ্ববাসীর জন্য বড় নেয়ামত মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শেলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলার মহান নেয়ামত হলো ইসলাম। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত সমগ্র বিশ্ববাসীকেই।
তিনি বলেন, আকীদা তাওহীদ ও আল্লাহর প্রতি আনুগত্যের ভিত্তিতে আপতিত কল্যাণের ধর্ম ইসলাম হলো শান্তি সৌহার্দ্য, ভালোবাসা, সহমর্মিমতা, সহিষ্ণুতা ও সৌভাতৃত্বের পরিপূর্ণ এক জীবনাদর্শ। এই উম্মাহকে কুরআন মাজীদে উম্মাতান ওয়াসাত অর্থাৎ মধ্যমপন্থী উম্মাহ বলে অভিহিত করা হয়েছে।
সোমবার (২৭ মে) সৌদি আরবের মক্কায় রাবেতা আলম আল ইসলামী আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
মধ্যমপন্থা অবলম্বনই শ্রেষ্ঠ পথ উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ইসলাম ধর্ম সবসময় মধ্যমপন্থা অবলম্বনের কথা বলে। ইসলামে কোনো ধরনের বাড়াবাড়ি, উগ্রবাদ ও প্রান্তিকতা নিরূৎসাহিত করা হয়েছে। সহঅবস্থানের ক্ষেত্রে বিশ্বের প্রতিটি প্রাণের নিরাপত্তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, কুরআন মাজীদে স্পষ্ট ঘোষণা করা হয়েছে, অকারণে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা গোটা মনুষ্যজাতি হত্যার নামান্তর। আর একজনের প্রাণ রক্ষা করা গোটা মনুষ্যজাতিকে রক্ষা করার শামিল বলে। হাদীসে পাকে ইরশাদ হয়েছে, ‘প্রকৃত মুসলিম তো সেই যার থেকে মানুষ নিরাপদ থাকে।’ অন্য হাদীসে বলা হয়েছে, ‘তোমরা ধর্মে বাড়াবাড়ি করো না’।
আল্লামা মাসঊদ বলেন, আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ধর্মের বাড়াবাড়ি থেকে বিরত থাকুন। কেননা, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ এই ধরনের বাড়াবাড়ি করতে যেয়ে ধ্বংস হয়েছে। সাক্ষাতের শুরুতেই মুসলমানগণ সালাম শান্তি ও নিরাপত্তার অভয়বাণী প্রদান করে থাকে। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতও শেষ করা হয় সালাম বা শান্তি ও নিরাপত্তার অনন্ত ডাক দিয়ে।
সন্ত্রাস, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই জানিয়ে শেলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, ইসলামের নামে যারা আজ নিষ্ঠুর নির্মমতা বর্বরতা ও হিংসা ছড়াচ্ছে এরা ইসলাম, মুসলমান ও মানবতার শত্রু। ইসলামের মূল চেতনা ও প্রকৃতিকেই এরা বিকৃত করে ফেলেছে। ইসলামের দাওয়াতের ক্ষেত্রে এরা বড় বাধা। জিহাদ ও সন্ত্রাসকে একাকার করে এরা বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ সন্ত্রাস ও জিহাদ কখনও এক জিনিস নয়। জিহাদ হলো সুষম কল্যাণকামিতার এক আহ্বান।পক্ষান্তরে সন্ত্রাস হলো ধ্বংস ও বর্বরতার পথ। সন্ত্রাস হারাম আর জিহাদ মানব উন্নয়নের কল্যাণ কামিতায় ভাস্বর।
সমগ্র বিশ্ববাসীকে মানুষকে ইসলামের সুশীতল ছয়ায় আসার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, সমগ্র বিশ্ববাসীকে আহ্বান জানাই ইসলামের সুশীতল ছয়ায়া একত্র হয়ে মানব কল্যাণে ব্রতী হতে শান্তির পৃথিবী গড়ে তুলতে। হিংস্রতা ও নিষ্ঠুরতার পথ থেকে তওবা করে শান্তি, সমৃদ্ধি, নিরপত্তা ও অনন্ত কামিয়াবির পথে ফিরে আসার আহ্বান জানাই জঙ্গি ও সন্ত্রাসীদের।
প্রসঙ্গত, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এর তত্ত্বাবধানে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ, রাবেতা আলম আল ইসলামী এ আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করতে রোববার (১৯ মে) দিবাগত রাত ১টা ৪০ এর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে আছেন ব্যারিস্টার মাওলানা জুনুদুদ্দীন মাকতূম


