নিজস্ব প্রতিবেদক ● আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করে আগস্ট মাসকে কলঙ্কিত করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভুয়া জন্মদিনের নামে ১৫ আগস্ট কেক কাটেন। এটাকে আমরা ঘৃণা করি। ভুয়া জন্মদিন পালন না করতে আমরা তাকে আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার বনানী কবরস্থানে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মন্তব্য কাদেরের। সরকার কর্মসূচি পালনে বাধা দিচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, তাদের অভিযোগ ভিত্তিহীন। তারাতো বিভিন্ন জায়গায় কর্মসূচি দিচ্ছে কিন্তু সেখানে তারা তাদের নেতাদের সামনে নিজেরাই দ্বন্দ্ব-সংঘাত করে কর্মসূচি পণ্ড করছে। বিএনপি নিজেরাই কর্মসূচি পণ্ড করে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার দিন ১৫ আগস্ট তারা ভুয়া জন্ম দিবস পালন করে, কেক কাটে। কিন্তু তাই বলে আমরা তাদের প্রোগ্রাম করতে দিচ্ছি না একথা সঠিক নয়।
ওবায়দুল কাদের বলেন, পর্দার আড়ালের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন সংগ্রামী নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে তার অসামান্য অবদান রয়েছে। এ সময় তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শকে হৃদয়ে ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।


