পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহানবী মুহাম্মদ (সা.) এর অবমাননাকে শৈল্পিক স্বাধীনতা হিসেবে বিবেচনা করা যায় না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবর অনুযায়ী, এ ধরনের কাজকে তিনি ‘ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন’ হিসেবেও উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মস্কোতে এক প্রেস কনফারেন্সে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, মুহাম্মদ (সা.) কে অবমাননা করা ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র অনুভূতিতে আঘাত করার শামিল।
টিএএসএসের খবরে বলা হয়েছে, ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোতে মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, এটি চরমভাবে মুসলিমদের ক্ষুব্ধ করেছে। শৈল্পিক স্বাধীনতার অবশ্যই একটি সীমা আছে এবং তা কোনোভাবেই অন্যের স্বাধীনতাকে লঙ্ঘন করা উচিত নয়, যোগ করেন তিনি।
সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুতিন বলেন, রাশিয়া একটি বহুজাতিক রাষ্ট্র। রাশিয়া সব জাতির ঐতিহ্যকে সম্মান দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু কোনো কোনো দেশের ক্ষেত্রে এ শ্রদ্ধা কম দেখা গেছে।
এদিকে রুশ প্রেসিডেন্টের এমন বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমি আবারও বলছি মহানবী (সা.) কে অবমাননা করা মত প্রকাশের স্বাধীনতা নয়।
ইমরান খান বলেন, আমাদের মুসলিমদের, বিশেষ করে মুসলিম নেতাদের ইসলামফোবিয়া প্রতিরোধে এ বার্তাটি বিশ্বের অমুসলিম নেতাদের কাছে পৌঁছে দিতে হবে।
সূত্র: ডন


