পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাড়ি থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে এনে চোরকে গালিগালাজ করে এলাকায় সাড়া ফেলেছেন ভৈরবের এক পান ব্যবসায়ী।
গত শুক্রবার ভৈরবের মানিকদী পূরানগাও এলাকায় এ ঘটনা ঘটে। তবে গতকাল সোমবার চোরকে গালিগালাজের ভিডিও ক্লিপটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
পান ব্যবসায়ী মো. ফয়েজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূরানগাও এলাকার বাসিন্দা।
জানা যায়, ৯ দিন আগে ফয়েজ মিয়ার ঘর থেকে ১৭ হাজার টাকা দামের দুটি মোবাইল ফোন চুরি হয়।
গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মানিক চাঁন মিয়া সাংবাদিকদের বলেন, ‘মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। আমি নিজেও ফোন দুটি উদ্ধারের চেষ্টা করছি।’
ফয়েজ মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ। পানের দোকান দিয়ে সংসার চালাই। মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। পরে মাইক ভাড়া করে এনে চোরকে ইচ্ছামতো গালাগাল করে মনের ঝাল মিটিয়েছি।’
পুলিশের সহায়তা নেওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডি করতে পারছি না। খুব ঝামেলায় আছি।’


