পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের শীর্ষস্থানীয় আলেম, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ-সভাপতি ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব মাওলানা আযহার আলী আনোয়ার শাহের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী আল্লামা শাহ আহমদ শফী।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, দেশের শীর্ষ আলেমদের এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। ধাপে ধাপে ইলম ও আমলদার আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে মূলত ইলম উঠিয়ে নেয়া হচ্ছে। এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়, স্বজন, তাঁর ছাত্র, মুরীদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
আমীরে হেফাজত আরও বলেন, কিশোরগঞ্জের অভিভাবকতুল্য এ শীর্ষ আলেমের মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গন একজন যোগ্য ও দরদী অভিভাবক হারালো। তিনি অনুপম ব্যক্তিত্ববোধ ও যোগ্যতার বলে সবার হৃদয়ে বিশেষ সম্মানের জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। দেশব্যাপী শিক্ষা-সংস্কৃতি, ঈমান-আকীদা সংরক্ষণে তাঁর অবদান ও ত্যাগ ইতিহাস হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন।
প্রসঙ্গত, বুধবার (২৯ জানুয়ারি) ধানমন্ডি শংকরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে দেশের ওলামায়ে কেরামসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মাওলানা আযহার আলী আনোয়ার শাহ (রহ.)-এর জানাযার নামায অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


