আনোয়ার শাহর ইন্তেকালে বাবুনগরীর শোক
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: মাওলানা আযহার আলী আনোয়ার শাহ’র ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
এক শোক বার্তায় আল্লামা বাবুনগরী বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. দেশের একজন শীর্ষস্থানীয় উঁচু মাপের আলেম ছিলেন। তিনি ‘শাহ সাহেব’ নামে সর্বত্র পরিচিত ছিলেন। বৃহত্তর ময়মনসিংহ ও কিশোরগঞ্জবাসীর জন্য তিনি ছিলেন রত্নতুল্য৷ তার ইন্তেকালে বাংলার ইলমের আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে।
‘তার ইন্তেকালে ইলমী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত’।
আল্লামা বাবুনগরী বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ছিলেন প্রখ্যাত বুযুর্গ প্রয়াত সাংসদ আল্লামা আতহার আলী রহ.এর সুযোগ্য সন্তান। আল্লামা আতহার আলী রহ.বিদ্যাসাগর খ্যাত বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী রহ.এর ছাত্র ও হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রহ.-এর খলিফা ছিলেন। তিনি প্রখ্যাত বুযুর্গ ব্যক্তি ছিলেন। ইসলামী রাজনীতির ময়দানে আল্লামা আতহার আলী রহ. ছিলেন একজন অকুতোভ বীর সিপাহসালার।


