মানুষের প্রতি হিংস্রতা : আত্মার অসুখ
মুস্তাফা জামান আব্বাসী : জীবন পালটে গেছে। যে সুন্দর জীবন আমাদের লক্ষ্য তা থেকে বিচ্যুৎ। শয়তান আমাদের কব্জা করে নিয়েছে। মানুষ ছিলাম, এখন নই। শিশু এবং নারীর প্রতি হিংস্রতা সবখানে। সাম্প্রদায়িকতার বিষ, জাতিতে জাতিতে সংঘর্ষ, এই আমাদের জীবন।
কোথায় ভুল? প্রথম কথাটিই ভুলে গেছি। ‘আউজুবিল্লাহ্ হিমিনাশ্ শায়তানির রাজিম’। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্র সাহায্য প্রার্থনা করছি। প্রত্যেক কাজে। তা কি আমরা করছি? না। করছি না বলে বিতাড়িত শয়তান আমাদের প্রভু সেজে বসেছে। আত্মার অসুখ বেড়ে যাচ্ছে। আমাদের কল্ব নষ্ট হয়ে গেছে। বজ্র কঠিন ঈমান কোথায়? বজ্র কঠিন মানে কি? বজ্র কঠিন, ঈমান যা বজ্রপাতও মানুষ ভুলবে না। এখন অল্পতেই ঈমান হয়ে পড়েছে নড়বড়ে।
ছয় মাসে ধর্ষণের ঘটনা দ্বিগুণ হয়েছে বাংলাদেশে, ভারতেও। এর পরিসংখ্যন আজকের প্রতিবেদনে [প্রথম আলো] সামছুর রহমানের লেখায় পাওয়া যাবে। আইন এবং শালিস কেন্দ্রের হিসেবে ২৫৮টি। শিশু কিশোরী ধর্ষণ বেড়ে গেছে ৮৬%। বাংলাদেশ শিশু অধিকার কেন্দ্র হিসেবে ৫৭১টি। পুলিশ সদর দপ্তরের হিসেবে পাঁচ বছরে শিশু ধর্ষণ মামলা ৩২২৬টি। গভীর অসুখ আমাদের বলছেন, বিশিষ্ট জনেরা। আলেমরা বলছেন আসল ধর্ম থেকে বিচ্যুতি আমাদের প্রধান অসুখ। এর প্রতিকার কি?
ঈমান মজবুত করুন। কল্ব সাফ করুন, যা ময়লা হয়ে গেছে। কি দিয়ে সাফ করবেন? জিকির দিয়ে। জিকির কি? আল্লাহ্ স্মরণ এবং শয়তান থেকে দূরে থাকার প্রার্থনা। বাংলার গ্রামে গ্রামে আজ নিরাপত্তা নেই। মেয়েরা ঘর থেকে বের হতে ভয় পান। পুরুষরাও রাত্রে আর বেরোন না। এ কোন দেশ? এই দেশের স্বপ্ন কি আমরা দেখেছিলাম? খবরের কাগজ জ্বলন্ত প্রমাণ। আর কারো কাছে যাওয়ার দরকার নেই। এত নৈরাজ্য আর কখনও দেখি নি।
আল্লাহ্র কাছে চাই সহজ সরল জীবন। চারিদিকে যে সম্পদের জন্যে প্রতিযোগিতা তার অবসান হোক। বড়লোক হতে চাই না। বেঁচে থাকতে দিন। বাংলার যে গ্রাম ছিল সরলতার প্রতিমূর্তি সেই গ্রামের ছবি ফিরিয়ে আনুন। সবাইকে কাছে টানুন। শয়তান থেকে দূরে থাকুন।
মু. জা. আ.
২৬শে আষাঢ়, ১৪২৬


