মানুষের হেদায়াত কোন কাইফিয়তের সাথে নির্দিষ্ট নয় : আল্লামা মাসঊদ
পাথেয় রিপোর্ট : মানুষের হেদায়াত কোন কাইফিয়তের সাথে নির্দিষ্ট নয় মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, একমাত্র আল্লাহ তাআলাই মানুষকে হেদায়ত দান করেন। যখন যাকে যেভাবে ইচ্ছা হেদায়ত দেন, ইসলাম গ্রহণের তাওফিক দান করেন। কাউকে হেদায়ত দান করেন দাওয়াতের মাধ্যমে, কাউকে তালিমের মাধ্যমে, কাউকে ঠাট্টাচ্ছলে ইত্যাদিতে। আল্লাহ তাআলার কাছে হেদায়াতের নির্দিষ্ট কোন পদ্ধতি নেই।
রোববার (৩০ জুন) জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা খুলনা জেলা শাখা আয়োজিত ইসলাহী ইজতেমার তালিমী হালকায় মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
ঈমানের সম্পর্কে যেহনিয়তের সাথে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, দাওয়াত ইসলামের একটি শাখা। দাওয়াতের মাধ্যমে জজবা তৈরি হয়। জজবা কখনো স্থায়ী হয় না। জজবা সবসময় কল্যাণ নিয়েও আসে না। তাই তালিমের প্রয়োজন। কারণ তালিমের মাধ্যমে যেহনিয়ত তৈরি হয়। আর ঈমানের সম্পর্ক যেহনিয়তের সাথে, জজবার সাথে নয়।
আল্লামা মাসঊদ বলেন, ঈমান শিখতে হয় এবং বৃদ্ধি করতে হয় দুই ভাবে। ১. আফাক অর্থাৎ পরিবেশ-প্রকৃতি দেখে। ২. নিজেকে দেখে। নিজেকে নিয়ে চিন্তা-ভাবনা করার মাধ্যমে। তিনি বলেন, স্রষ্টার সৃষ্টির মাঝেই তিনি বিদ্যমান। তাঁর সৃষ্টির মাঝেই খুঁজলে তাকে পাওয়া যায়। ঈমান বৃদ্ধি পায়।
বিজ্ঞান কখনো সত্যের মাপকাঠি হতে পারে না মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, বিজ্ঞানের জন্ম সন্দেহ থেকে। সন্দেহ কখনো সত্যের মাপকাঠি হতে পারে না। প্রকৃত সত্য হলো ইসলাম, দ্বীন। বিজ্ঞান যদি প্রকৃত সত্যে পৌঁছতে পারে, তাহলে অবশ্যই সে ইসলামের দিক-নির্দেশনার সাথে মিলে যাবে। না’হলে কেবল বিভ্রান্তি ছড়াবে।
বাংলাদেশ জমিয়তুল উলামা একটি দ্বীনি সংগঠন উল্লেখ করে শোলিকায়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা একটি সামাজিক সংগঠন, দ্বীনি সংগঠন, মানব সেবা মূলক সংগঠন। মানুষের ঈমানের হেফাজত করার সংগঠন। জমিয়তের লক্ষ্য উদ্দেশ্য হলো আলোকিত সমাজ গড়া, আলেম জনতা ঐক্য করা। কর্মসূচি হলো, দাওয়াত, তালিম, তাজকিয়া ও ইনফাক ফী সাবিলিল্লাহ।
মহল্লায় মহল্লায় তালিমের হালকা চালু করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, তালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তালিমের মাধ্যমে যেহনিয়ত তৈরি হয়। ঈমান পাকাপুক্ত হয়। অন্তরে ঈমানে স্বাদ আসে। ইবাদত করতে এবং আল্লাহর হুকুম-আহকাম পালন করতে ভালো লাগে। প্রথমত ‘ঈমান’ বইয়ের মাধ্যমে তালিমের হালকা চালু করার কথা বলেন তিনি।


