মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করছে না : আল্লামা মাসঊদ

মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করছে না : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মানুষ আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় করছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। আমাদের উচিত তাঁর নেয়ামতের শুকরিয়া আদায় করা। অথচ যেভাবে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন সেভাবে আমরা শুকরিয়া আদায় করছি না। শুকরিয়া আদায় থেকে আমরা সবাই গাফেল। পৃথিবীতে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-ই আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় করেছেন। কোনো ফেরেস্তা, নবী-রাসূলও তাঁর মতো শুকরিয়া আদায় করতে পারেনি, পারবেও না। আমরা রাসূলের মতো শুকরিয়া আদায় করতে পারবো না বটে, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে শুকরিয়া আদায়ের পরিমাণ বাড়িয়ে দেবো।

আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন, যার সাহায্যে আমরা তাঁর নেয়ামতকে দেখতে ও উপলব্ধি করতে পারি। শোনার জন্য কান দিয়েছেন। কী অসাধারণ এই শ্রবণ শক্তি। স্বাদ আস্বাধন করার জন্য জিহ্বা দিয়েছেন। ঘ্রাণ অনুভব করতে নাক দিয়েছেন। খাবার চর্বনের জন্য দাঁত দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলার প্রতিটি নেয়ামত ও কুদরতকে নিয়ে ভাবতে হবে। গভীরভাবে চিন্তা করতে হবে। তাহলে অন্তরের অন্তস্থল থেকে নেয়ামতের শুকরিয়া আদায় করা সহজ হবে।

শুকরিয়া আদায় করলে নেয়ামতের বিনিময় হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এতো এতো নেয়ামত দিয়েছেন, এতো এতো কুদরত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, তার জন্য আল্লাহ তাআলা বেশি কিছু চান না। আল্লাহ তআলার নেয়ামতের বিনিময় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। একবার ‘আলহামদুলিল্লাহ’ বললে নেয়ামতের বিনিময় হয়ে যায় এবং আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের নির্দেশ নিজের প্রাপ্তির জন্য দেননি, বান্দার নেয়ামতকে বাড়িয়ে দিতেই আল্লাহ শুকরিয়া আদায়ের নির্দেশ দিয়েছেন। তাই আমরা বেশি বেশি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবো। আল্লাহও আমাদের উপর তাঁর নেয়ামতকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ।

আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে গেছি। আমরা ‘আলহামদুলিল্লাহ’ বলতে ভুলে গেছি। আর কতো দিন আমরা গাফেল থাকবো? আর কতো দিন আমরা বেহুশ থাকবো? আমাদের কি হুশ ফিরবে না? আমরা কি উদাসীনতা থেকে দূরে সরে আসবো না? আমাদের কি সময় হয়নি আাল্লাহর দিকে ফিরে আসার? আসুন আমরা আল্লাহর দিকেই ফিরে আসি। আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তন করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *