মানুষ কেন সেরা সৃষ্টি

মানুষ কেন সেরা সৃষ্টি

মানুষ কেন সেরা সৃষ্টি

মুস্তাফা জামান আব্বাসী : যারা মৃত, তারা কি সালাম গ্রহণ করেন যখন কবরস্থান গিয়ে তাদের সালাম করি। উত্তর: হ্যাঁ। নবী বলেছেন: কোন মুসলমান যখন তার ভাইয়ের কবরের কাছ দিয়ে যায়, যাকে সে জীবিতকালে চিনত, তখন আল্লাহ্‌ তার আত্মাকে ফিরিয়ে দেন, যতক্ষণ সে তার সালামের জবাব না দেয়। এই কথাটি অনেকক্ষণ ধরে চিন্তা করুন। আপনি সত্যি সত্যি আপনার ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গিয়েছেন। দেখা হবেই এবং সালাম বিনিময় হবে।

বুখারি ও মুসলিম শরিফে অনেক সনদ আছে, যেখানে অনেক লাশ এক সঙ্গে সমাহিত হয়েছে। কিন্তু সেখানেও পরিচিতজনদের সাক্ষাতকারে কোন বাধা হয় নি। তারা সালামের উত্তর দিয়েছেন। যখন কাউকে দাফন করতে যান, জেনে রাখবেন তার পায়ের জুতোর শব্দ মৃত ব্যক্তি শুনতে পান। যখন এক সঙ্গে সম্বোধন করতে হয়, তখন বলতে হয়, হে কবরবাসী মুমিনগণ, আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। বুঝে করুন। সবাই সে শান্তির ঘোষণা শুনতে পাবেন। কি মহান এই সফর।

এবার আত্মার কথা।

যখন একজন মুমিনের আত্মা দেহ থেকে বের হয়, তখন কি হয় জানেন? আমি আগে জানতাম না। এখন জানি। আসমান ও জমিনের যত ফেরেশ্‌তা আছে, তারা সেই মুমিনের আত্মার উপর নামাজ পড়ে। যেমন মানুষ জানাজার নামাজ পড়ে, তেমনি। পৃথিবীর যত ফেরেশ্‌তা সবাই। এবার মানবের সম্মান চিন্তা করুন।

মানুষের জান্নাত বা জাহান্নাম ঠিকানা নিরীক্ষণ হবে বিচারের দিনে। তার আগে তার দেহ ফিরিয়ে দেয়া হবে না। তার নাম-নিশানাও থাকবে না। যখন কোন মুমিনের আত্মা বের করে আনা হয়, তখন তার থেকে মৃগনাভির চাইতেও অধিক মনোমুগ্ধকর সুগন্ধি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। ফেরেশ্‌তারা তাকে নিয়ে আকাশে যান।

আসমানসমূহ মানবের আগমনে সূর্যের মত ঝলমল করতে থাকে এবং এভাবে আরশ পর্যন্ত পৌঁছে যান। তখন বলা হয় কে এ ভদ্রলোক, যার এত সম্মান? বলা হয় অমুকের ছেলে অমুক। শুধুমাত্র পবিত্র আত্মাদের জন্যে এ সম্মান, সবার জন্যে নয়। শুধু পবিত্র আত্মার জন্যে আল্লাহ্‌র সান্নিধ্য, আল্লাহ্‌র বেহেশ্‌ত। সবকিছু ভাল যিনি, তার কথা বলা হয়েছে। সবশুদ্ধ ১০১টি দলিলের খবর পেয়েছি। কোন কোনটি বার বার বলা হয়েছে। যারা নম্র ও দয়ার্দ্র জীবন-যাপন করেছেন, তাদের কথা এতবার বলা হয়েছে যে মানুষ সারাদিন এবাদত করলেও সেই সম্মানের যোগ্যতা পাবে না।

এই কারণেই মানবকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি।

বলা হয়েছে সবচে’ দয়ালু, বলা হয়েছে সৃষ্টির সেরা, যিনি সবাইকে সমভাবে ভালবাসেন। কেন হতে পারব না, সেই দয়ালুদের মধ্যে একজন? দয়া আল্লাহ্‌র সিফাত। তিনি দয়া দিয়ে তৈরি। আমি কেন নিষ্ঠুর হব এক মুহূর্তের জন্যে? প্রতিটি কথা হৃদয়ের মধ্যে গেঁথে নিন।

মু. জা. আ.
১৪ শ্রাবণ, ১৪২৬

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *