মিছিলে-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল

মিছিলে-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিছিলে-শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের প্রধানমন্ত্রীর জনসভাস্থল। শনিবার ভোর থেকেই কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। সকাল ৯টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।

রঙ-বেরঙয়ের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ জনসভায় যোগ দেন। বাসন্তী রঙয়ের শাড়ি ও সাদা টি-শার্ট পরে মিছিল নিয়ে নারী-পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।

দীর্ঘ চার বছর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আসছেন। আজ সকাল ১১টায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এখানে বসে তিনি অনেকগুলো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরই মধ্যে জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়া উপজেলার এ জনসভাটি স্মরণকালের স্মরণীয় জনসভায় রূপ নেবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ জনসভায় যোগ দিয়েছে।

জনসভায় আগত পাকড়পাড়া গ্রামের অশিতিপর বৃদ্ধা সুমিত্রা ওঝা বলেন, ‘আজকে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের মা (শেখ হাসিনা) আসছেন। মাকে এক নজর দেখতে ও তাঁর মুখের কথা শোনার জন্য ভোর বেলায় এখানে চলে এসেছি।’

কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *