মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি চলবে না : সেতুমন্ত্রী

মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি চলবে না : সেতুমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মুজিববর্ষ পালনের জন্য ক্ষমতার দাপট না দেখাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, মুজিববর্ষ পালনের জন্য কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। তিনি আরও বলেন, মুজিববর্ষ পালনের নামে কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনকালে দলের নেতাকর্মীরা অনেকে পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ড করবেন। কিন্তু সেখানে নিজেদের ছবি ব্যবহার করবেন না। তবে নামটা ব্যবহার করতে পারেন। ছবি ব্যবহার যারা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মনিটরিং করতে দলের একটি টিম থাকবে।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে কে কোথায় কী করছেন সব মনিটরিং করা হবে। মুজিববর্ষকে কেন্দ্র করে পোস্টারিং করতে গিয়ে নিজের নাম জাহির করার মতো ঘটনা যেন না ঘটে। আত্মপ্রচার করতে যেন পোস্টার করা না হয়। কোথাও কোনো পোস্টারে যেন কারও ছবি না দেখি।

মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে কোনো কর্মসূচি পালন করতে গিয়ে এবং অর্থসংগ্রহের নামে চাঁদাবাজি করবেন না। নিজেরা অর্থ দিয়ে তারপর প্রোগ্রাম করবেন। কোনো প্রকার চাঁদাবাজির খবর পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। অত্যন্ত ভাব গাম্ভীর্যের সঙ্গে মুজিববর্ষ পালন করা হবে। মানুষের সঙ্গে এমন কোনো আচরণ করবেন না যাতে মানুষ মনে দুঃখ পায়। দলের এসব আদেশ অমান্য করে কেউ যদি বাড়াবাড়ি করেন তাহলে তার বাড়াবাড়ি সহ্য করা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *