পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ান। এর ফলে উপজেলার মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এ বিষয়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা জানান, বিকেলে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়।
এসময় তারা উত্তেজিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া শুরু করে। পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে।
এই সংঘর্ষে উভয়পক্ষেই অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। এতে পুলিশ সুপারসহ (এসপি) ১০ পুলিশ সদস্য, ৩ সাংবাদিক এবং বিএনপির ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন, সংঘর্ষে আহত একজন অতিরিক্ত পুলিশ সুপারের অবস্থা গুরুতর।


