পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের বিজেপিশাসিত ত্রিপুরায় মুসলিমবিরোধী সহিংসতা বন্ধ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারদেবকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
রোববার (২৪ অক্টোবর) জমিয়তে উলামায়ে হিন্দের ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক খোলা চিঠিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে এই আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি।
এই চিঠিতে মাওলানা মাদানী সম্প্রতি ত্রিপুরার মুসলমানদের উপর ঘটে যাওয়া সহিংসতায় ক্ষোভ প্রকাশ করেছেন। ত্রিপুরায় সহিংসতা ও হামলার পেছনে দায়ি ব্যক্তিদের চিহ্নিত করে অতি দ্রুত তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।
মাওলানা মাদানী তাঁর চিঠিতে আরও লিখেছেন, একজন আদর্শ মুখ্যমন্ত্রী হিসেবে দেশের সংখ্যালঘু মুসলমানদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দ্বায়িত্ব। পাশাপাশি দেশে বেড়ে যাওয়া সব ধরনের সহিংসতা শক্ত হাতে দমন করাও আপনার কাজ। আর সম্প্রতি বাংলাদেশে যা ঘটেছে, ভারত ও বিশ্ব এর নিন্দা করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো স্পষ্টভাবে এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: নবীজীর অনুসরণ না করলে মুসলিমদের দ্বারাই ইসলামের ক্ষতি হবে : আল্লামা মাসঊদ
এদিকে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশ সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যথেষ্ট সম্পর্ক রাখে। আমরা এটাও লক্ষ্য করেছি যে, বাংলাদেশের মুসলিম সমাজ সেখানকার সংখ্যালঘু (হিন্দু) সমাজের পাশে যেভাবে দাঁড়িয়েছে, সেটা সারা পৃথিবীর সামনে একটা দৃষ্টান্ত। বিশেষভাবে ভারতের জন্যেও তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর (নেতিবাচক) প্রতিক্রিয়া ভারতবর্ষে হচ্ছে। এখানকার সাম্প্রদায়িক শক্তি সংখ্যালঘু বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের ধর্মস্থানের উপরে আক্রমণ করছে, ত্রিপুরা তার উল্লেখযোগ্য উদাহরণ।
মুফতি আব্দুস সালাম আরও বলেন, বাংলাদেশের ঘটনা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। এরকম ঘটনা ভারতবর্ষের মাটিতে বার বার ঘটে থাকে। সে সময়ে বিজেপি-আরএসএস কোনো নিরপেক্ষ ভূমিকা পালন করে না বরং সেই সমস্ত ঘটনাগুলোর পক্ষে তারা যথেষ্ট কাজ করে আমরা লক্ষ্য করেছি। আর যখন বাংলার মাটিতে, ত্রিপুরার মাটিতে এই ধরণের ঘটনা ঘটছে, তারা সে বিষয়ে মুখ খুলতে রাজি নয়।


