‘মুসলিম পার্সোনাল ল বোর্ডে হস্তক্ষেপ করেছে তিন তালাক বিল’

‘মুসলিম পার্সোনাল ল বোর্ডে হস্তক্ষেপ করেছে তিন তালাক বিল’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হওয়া বিতর্কিত তিন তালাক বিলের কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এ বিল পাশ করে মোদি সরকার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উপর সরাসরি হস্তক্ষেপ করেছে ।

২৫ জুলাই শুক্রবার সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় তিন তালাক বিল পাস হওয়ার পর ভারতীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

পশ্চিমবঙ্গ জমিয়তে উলামা হিন্দের সভাপতি বলেন, আমাদের পার্সোনাল ল বোর্ডে আমরা প্রত্যক্ষ হস্তক্ষেপ বরদাস্ত করব না। আমরা তিন তালাক বিলের বিরুদ্ধে এবং এটিকে মানব না। দেশের মুসলিম সমাজ এটির তীব্র বিরোধিতা করবে।

তিন তালাক বিলে তাৎক্ষণিক তিন তালাক দিয়ে স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলে, স্বামীর তিন বছর পর্যন্ত কারাদণ্ডের নিদান রয়েছে। তাৎক্ষণিক তিন তালাক বিল ধর্মের পরিপন্থী বলে দাবি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। তাৎক্ষণিক তিন তালাক প্রথা বন্ধে শহরে ইমামদের নিয়ে একটি কর্মসভার কথা বলেন মন্ত্রী। তাৎক্ষণিক তিন তালাক প্রথা যাতে অপব্যবহার না হয় সেখানে তা নিয়ে সচেতন করা হবে।

এরআগে ২৫ জুলাই শুক্রবার সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় তিন তালাক বিল পাস হওয়ার পর বুধবার (৩১ জুলাই) ভারতীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, লোকসভায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার তিন তালাক বিল পাস করে ইসলামী শরিয়ত ও মুসলমানদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করেছে। তিনি বলেন, এ বিল মুসলিম নারীদের প্রতি ন্যায়বিচার নয় বরং অবিচার। বিবাহ বিচ্ছেদের মধ্যস্থতার এ আইনটি করার মাধ্যমে মুসলমানদের শরিয়াহ ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করছে মোদি সরকার।

নারীদের অধিকার আদায়ের নামে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে উল্লেখ করে মাওলানা মাহমুদ মাদানী বলেন, এ আইনটি মুসলিম জনগোষ্ঠীর জন্য করলেও মুসলিমদের কোনো প্রতিনিধি বা শরিয়াহ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শও করা হয়নি। সরকারের একগুঁয়েমী মনোভাব থেকে এ বিলটি জোর করে করা হয়েছে। যা গণতন্ত্র পরিচালিত কোনো দেশের জন্য খুবই লজ্জাজনক।

এ প্রসঙ্গে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানী বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ইসলামী শরিয়তের উপর হস্তক্ষেপ করেছে।

দারুল উলূম দেওবন্দের মুহতামিম এ বিলের উপর প্রশ্ন রেখে বলেন, মোদি সরকার তিন তালাক বিলকে পাশ করে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের অধিকার হরণ করেছে। তিনি বলেন, তিন তালাক বিল মোদি সরকারের সরাসরি শরিয়তের উপর হস্তক্ষেপ। দেশের আইনে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার কথা আছে। কিন্তু কেন্দ্রীয় বিজেপী সরকার মুসলিম পার্সোনাল ল’বোর্ডের উপর বারবার আক্রমণ করে যাচ্ছে।

পা.টো.ড/আদিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *