মুসল্লিদের জন্য খুলে দেয়া হলো ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ

মুসল্লিদের জন্য খুলে দেয়া হলো ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি নিজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত ও বহু আহত হওয়ার পর থেকে বন্ধ ছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ।

এরপর শনিবার (২৩ মার্চ) পুনরায় মসজিদটি খুলে দেয়া হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ওই হামলার পুলিশি তদন্তের স্বার্থে ভবনটি বন্ধ ছিল। কিন্তু, শনিবার ছোট ছোট দলে মানুষকে সেখানে নামাযের জন্য ঢুকতে দেয়া হয়। আল-নূর মসজিদ পুনরায় খুলে দেয়ার পর শনিবার প্রায় তিন হাজার মানুষ ক্রাইস্টচার্চের মধ্যদিয়ে হেঁটে যায় নিহতদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য। এ সময় অনেক পদযাত্রীরা নীরব ছিলেন এবং কেউ কেউ শান্তির আহ্বান জানিয়ে বর্ণবাদবিরোধী প্ল্যা-কার্ড বহন করেন।

‘আমাদের মনে হয় ঘৃণা ব্যাপক অন্ধকার বয়ে এনেছে বিভিন্ন সময়ে। শহরটাকে এই অন্ধকার থেকে বের আনার জন্য সবচেয়ে শক্তিশালী আলো হচ্ছে ভালোবাসা,’ বলেন ১৬ বছর বয়সী মানায়িয়া বাটলার। তিনি ওই পদযাত্রা আয়োজনে সাহায্য করেছিলেন।

আল-নূর মসজিদে গুলিবর্ষণের ঘটনায় তার তিন বছরের ছেলেকে হারানো আডেন ডিরিও শনিবার ফিরে যান মসজিদটিতে। নামাযের পর তিনি বলেন, ‘আমি খুবই খুশি। এটা পুনর্নির্মাণ করা শেষ হওয়া মাত্রই আমি নামাযের জন্য ফিরে এসেছি।’

হামলাকারী সন্ত্রাসী অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন টারান্ট (২৮) একজন স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী। তার বিরুদ্ধে একটি হত্যার অভিযোগ আনা হয়েছে এবং আরও অভিযোগ দায়ের করা হবে বলে মনে করা হচ্ছে। অপরাধের জায়গার তদন্ত শেষ হওয়ার পর, আল-নূর মসজিদকে স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর কাছে হস্তান্তর করা হয়েছে।

‘আমরা একবারে ১৫ জনকে ভেতরে যেতে দিচ্ছি, যেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে,’ বার্তা সংস্থা এএফপিকে বলেন মসজিদের একজন স্বেচ্ছাসেবী সাইয়েদ হোসেন। তবে, মসজিদ কখন সম্পূর্ণ খুলে দেয়া হবে তা বলতে পারেননি তিনি।

মসজিদটি সংস্কার করা হয়েছে। কংক্রিটে বন্ধ করে দেয়া হয়েছে বুলেটের গর্ত। নতুন করে রঙ করা হয়েছে দেয়াল। তবে, মেঝেতে কার্পেটের অভাব মনে করিয়ে দিচ্ছে সেখানে কী ঘটে গেছে!

হামলার শিকার দ্বিতীয় লিনউড মসজিদও খুলে দেয়া হয়েছে পুলিশ জানিয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন দেশটিতে সব ধরনের সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *