মূলধারায় আনতে হবে কওমি মাদরাসার শিক্ষার্থীদের  : প্রধানমন্ত্রী

মূলধারায় আনতে হবে কওমি মাদরাসার শিক্ষার্থীদের : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপুলসংখ্যক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় পড়াশোনা করে। তাদের শিক্ষার মূলধারায় আনতে হবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য সবার জন্য শিক্ষা নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জন করতে হলে সমাজের কোনো অংশকে পেছনে ফেলে রাখার সুযোগ নেই।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে আল্লামা আশরাফ আলী ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদসহ কওমি মাদরাসার শীর্ষ আলেমদের সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান। খবর বাসসের।

আরও একটি সূত্র জানিয়েছে কীভাবে কওমি মাদরাসার স্বীকৃতিকে আইনে পরিণত করা যায় এ বিষয়েও আলোচনা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী সরকারের সন্ত্রাসবিরোধী প্রচারণায় অংশ নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের কওমি মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

কওমি মাদ্রাসার চূড়ান্ত ডিগ্রিকে স্নাতকোত্তর ডিগ্রির সমমানের স্বীকৃতি দেওয়ার জন্য আলেমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে ওলামা-মাশায়েখরা বলেন, এটি একটি যুগান্তকারী ও ঐতিহাসিক ঘটনা। ইতিহাসের পাতায় এ কথা সোনালি হরফে লেখা থাকবে। আলেমরা দেশে ইসলামের বিকাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তারা রাজধানীর কাকরাইলে তাবলিগ জামায়াতের ‘মারকাজ’ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর জমি দেওয়ার কথা উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *