পাথেয় রিপোর্ট : মেক্সিকোতে একটি জ্বালানি তেলের পাইপলাইনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে বলে জানা যায়। গুরুতর আহত হয়েছেন আরো ৭৪ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর বিবিসির।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ জানুয়ারি) পাইপলাইন থেকে তেল চুরির সময় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। বহু সংখ্যক দমকলকর্মীর অংশ গ্রহণে উদ্ধার কাজ চালানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে চিলির উত্তর-মধ্যাঞ্চলে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোকুইম্বো থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে। ভূমিকম্পটি ৫৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পটি গ্রিনিচ মান সময় রোববার ০১৩২টায় আঘাত হানে। ভালপারাইসো, ও’হাইগিনস, রাজধানী সান্টিয়াগোর আশপাশের অঞ্চল এবং আতাকামা ও কোকুইম্বোর উত্তরে ভূমিকম্পটি অনুভূত হয়।
জাতীয় জরুরি অফিসের কর্মকর্তা রিকার্ডো টোরো বলেন, ভূমিকম্পের ফলে কয়েক হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


