মোংলায় পৌঁছেছে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান

মোংলায় পৌঁছেছে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর মেশিনারি পণ্য বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে। সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় পণ্য নিয়ে পানামা পতাকাবাহী ‘এমভি-থর ফ্রেন্ড’ নামের জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। বিকালে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার সূত্র এ তথ্য জানিয়েছে।

বিদেশি জাহাজ থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ শিপিংয়ের খুলনার প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন, ‘গত ২০ দিন আগে এই পণ্য নিয়ে সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে এমভি থর ফ্রেন্ড জাহাজটি ছেড়ে আসে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান। এতে ১৬৮টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন আনুষঙ্গিক মালামাল রয়েছে। বিকালে স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স এই পণ্য খালাস শুরু করবে। পরে সেগুলো নদী পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার পানামা পতাকাবাহীর হোসাই ক্রাউন নামে আরও একটি জাহাজে এই রেল সেতুর ৮৫ প্যাকেজের ৯১৭ মেট্রিক টন মেশিনারি পণ্য আসবে।’ এর আগে চারটি জাহাজে আসা রেল সেতুর পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে বলেও জানান মাহাবুব আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *