পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, মৃতদের মধ্যে করোনায় নাটোরের একজন এবং করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন, নওগাঁর দুজন এবং নাটোরের আরও একজন মারা গেছেন।
এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮৮ জন। বর্তমানে রাজশাহীর ৩৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের ৯ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার তিনজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের একজন এবং দিনাজপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১১ জনের নমুনায়।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৮ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ছয়জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৬ দশমিক ২৮ শতাংশ, জয়পুরহাটের ৬ দশমিক ৬ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১০ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।


