রাতের কবিতা | ফারুক নওয়াজ

রাতের কবিতা | ফারুক নওয়াজ

রাতের কবিতা | ফারুক নওয়াজ

সারারাত জাগো, আকাশে তাকাও–
দেখবে অনেক তারা..
মনে হবে যেন আঁধার মরুতে আলোর ঝরনাধারা।

কীযে বিস্ময় ধরে আছে ওই কল্পিত পথরেখা..
আকাশ নয়তো শতজনমের অজানা কাহিনি লেখা।

কিছু নিবুনিবু কিছু মিটিমিটি কিছু ঝিলিমিলি অহো..
মহাশূন্যের অপরূপ শোভা আবেগ-নাচানো মোহ।

রাতের প্রকৃতি মেদুর-মায়াবী ভাষাহীন ছায়াছবি;
এমন দৃশ্য যদি-না দেখলে তাহলে কীসের কবি?

নিঝুম নিশীথে মেঘে ভাসা-ভাসা চাঁদের চিত্রকলা..
কীযে মোহনীয় স্বর্গীয় শোভা বুঝিয়ে যায় না বলা।

সাঁঝবেলা ওঠা সন্ধ্যাতারাটি শেষরাতে শুকতারা;
নিবু নিবু হয়ে চাঁদের শিয়রে ঢুলুঢুলু
নেই সাড়া।

একেএকে সব তারা নিভে যাবে, চাঁদও চলে যাবে শুতে–
আঁধার পালাবে পুবপাশে ওঠা সোনালি সূরের ফুঁতে।

উষসীর হাওয়া জাগাবে কাঁপন পল্লবে তরু-বনে..
কুঞ্জলতার ঘুম ভেঙে যাবে মধুপ-গুঞ্জরণে।

রাতজাগা ঝিঁঝিঁ, জোনাকি মেয়েরা পাতাতে এলাবে দেহ..
আঁধার ঘোচানো আলোর উষাতে জাগবে প্রতিটি গেহ।

ঘুমভাঙা সুখে ভোরের পাখিরা মাতাবে সুজলা ভূমি..
এমন দৃশ্য যদি-না দেখলে কিসের শিল্পী তুমি?

১০.০৮.২০১৯

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *