রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দোকানপাট ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চলমান লকডাউনের বিধিনিষেধ শিথিল করে রোববার (২৫ এপ্রিল) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছিল। পরে তাতে পরিবর্তন এনে বলা হয়, রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখা যাবে।

রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দোকান মালিক সমিতির অনুরোধে ও রোজাদার ভাই-বোনদের কথা বিবেচনা করে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই ক্রেতা-বিক্রেতা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

আরও পড়ুন: মে মাসের প্রথম সপ্তাহে আসছে ২১ লাখ টিকা

দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দিয়ে গত শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে বলা হয়, রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের নির্দেশনার ধারাবাহিকতায় ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *