পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার প্রদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২১) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২২ জন। বর্তমানে রাজশাহীর ৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৯ জন, নাটোরের ১৩ জন, নওগাঁর ১৫ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং সিরাজগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন।
এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনায় করোনা ধরা পড়ে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪ দশমিক ২১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৫ দশমিক ৭৪ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।
প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই ২১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৪১ জন, উপসর্গে ৭৮ জন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা যান ৯ জন।


