রামেক হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গে ৭ জন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন করে মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে। এছাড়া ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন নারী। তাদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের বেশি। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন মারা গেছেন।

শনিবার সকাল ৯টা পর্যন্ত ৪১৮ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৭৭ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৯২।

বর্তমানে রাজশাহীর ৮৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৩ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১৬ জন, কুষ্টিয়ার ৭ জন, চুয়াডাঙ্গার একজন, জয়পুরহাটের ৩ জন, সিরাজগঞ্জের একজন, নীলফামারীর একজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮৪ জন, উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন। করোনা শনাক্ত হয়নি এমন ভর্তি রয়েছেন ২৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৮৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৮ দশমিক ৩৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ২৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৩৮ জন। এর মধ্যে করোনায় ১৪৩ জন, উপসর্গ নিয়ে ১৬৩ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩১ জনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *