রায়পুরায় আগুনে পুড়ল ৭ দোকান

রায়পুরায় আগুনে পুড়ল ৭ দোকান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর রায়পুরা পৌর এলাকার হাসিমপুর মৌলভীবাজারে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় আগুনে সাতটি দোকান ভস্মীভূত যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে ৯৯৯-এ কল পেয়ে রাত দেড়টার দিকে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রেণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় ব্যবসায়ী রুবেল মিয়া জানান, গতরাতে দোকানেই ঘুমিয়ে ছিলাম। মধ্যরাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখতে পাই পাশের মাছের দোকানে আগুন জ্বলছে। পরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে অন্য সব দোকানে। ওই সময় বাজারের মসজিদের ইমাম মাইকিং করে দোকানে আগুন লাগার সংবাদ ব্যবসায়ীদের জানান। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নেভায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় পীযূষ পাল ও হোসেন মিয়ার মুদি দোকান, আবুল মিয়ার চালের দোকান, অনুকূলের মাছের দোকান, ইনফল মিয়ার হার্ডওয়্যার দোকান, রেহমান মিয়ার বস্তার দোকানসহ মোট সাতটি দোকান ভস্মীভূত হয়ে যায়।

পীযূষ পাল বলেন, মাইকে সংবাদ পেয়ে এসে দেখি আমার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই সময় মুদি মালামালসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে এক লাখ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তার।

সবজি ব্যবসায়ী লিটন মিয়া জানান, আগুনে তার দোকানে ক্যাশ বক্সে থাকা নগদ অর্থ ও কাঁচা মালামাল পুড়ে গেছে।

রায়পুরা ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, হাসিমপুর মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ৯৯৯-এ এর কল পেয়ে রাত দেড়টায় সেখানে পৌঁছে ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রেণে আনি। আগুনে ছোট-বড় মিলিয়ে ৭টি দোকান পুড়ে গেছে। এতে সাড়ে ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *