রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদ-উল-ফিতরের আগে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে রপ্তানি আয়ও। ফলে দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বেড়ে আবারও ২০ বিলিয়ন ডলার বা ২,০০০ কোটি ডলার ছাড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিকে (২৭ মার্চ) রিজার্ভ ছিল ২,৪৮১ কোটি ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ১,৯৪৫ কোটি ডলার (১৯ দশমিক ৯৬ বিলিয়ন)।

সবশেষ ৮ এপ্রিল রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২,৫৩৮ কোটি ডলারে। আর বিপিএম-৬ হয়েছে ২,০১০ কোটি ডলার (২০ দশমিক ১০ বিলিয়ন)।

গত বছরের এই সময়ে মোট রিজার্ভের পরিমাণ আরও অনেক বেশি ছিল, ৩১ দশমিক ২০ বিলিয়ন বা ৩,১২০ কোটি ডলার।

২০২৩-২৪ অর্থবছরের শুরুতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।

তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে; যা শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) দেওয়া হয়। এটি প্রকাশ করা হয় না।

২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করেছিল। তার আগের অর্থবছরে (২০২১-২২) ডলার বিক্রি করেছিল ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *