পাথেয় টোয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশের কালাই রুটি আজ বিশ্বব্যাপী পরিচিত। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে জন্ম নেয়া এই সুস্বাদু খাবারটির স্বাদ একবার খেলে ভুলে যাওয়ার মতো নয়। কালাই রুটির সাধারণত বেগুন ভর্তা, শুকনো মরিচ ভর্তা, ভুঁড়ি, পেঁয়াজ ভর্তা, মাংস ভুনা ইত্যাদি দিয়ে খাওয়া হয়। চলুন দেখে নেই কীভাবে ঘরেই তৈরী করবেন সুস্বাদু কালাই রুটি।
উপকরণ
মাষকলাই এর ডালের আটা- ১ কাপ
চালের গুঁড়া- ১/৩ কাপ
গমের আটা- ১/৪ কাপ
লবণ- আধা চা চামচ
প্রস্তুত প্রণালি
মাষকলাইয়ের ডালের আটা বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়াও মাষকলাই ও আতপ চাল শিলপাটায় পিষে তৈরী করে নেয়া যায়। এর সাথে চালের গুঁড়া, গমের আটা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। অল্প অল্প করে পানি দিয়ে ডো বা খামির তৈরি করুন। ডো বেশি শক্ত করবেন না। একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন ১৫ মিনিটের জন্য।
রুটি বানানোর আগে হাতে সামান্য পানি লাগিয়ে আবারও মথে নিন। কালাই রুটি বানাতে আটা বা ময়দা ব্যবহৃত হয় না। হাতের সাহায্যেই এটি বানানো হয়। রুটি বানানোর কাঠের পিঁড়িতে সামান্য পানি লাগিয়ে নিন। ডো থেকে একটি অংশ নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে গোল করুন পিঁড়িতে রেখে। দুই হাত দিয়ে টেনে ও চেপে বড় করে রুটি বানান।
মাটির পাত্র বা তাওয়া গরম করে রাখুন আগে থেকে। গরম পাত্রে রুটির দুই দিক ছেঁকে নিন। বাদামি হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন যেকোন ভর্তা বা ভুনা মাংসের সাথে।



