রোববার থেকে ৬ এলাকায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফাইভ জি

রোববার থেকে ৬ এলাকায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফাইভ জি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ ৬টি এলাকায় সীমিত পরিসরে পরীক্ষামূলক ফাইভ জি নেটওয়ার্ক চালু করা হচ্ছে। রোববার (১২ ডিসেম্বর) থেকে পরীক্ষামূলক ফাইভ জি যুগে প্রবেশ করতে যাচ্ছে দেশ।

পরীক্ষামূলকভাবে ফাইভ জি নেটওয়ার্ক চালুকরণ উপলক্ষে শনিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে ২০১৮ সালে ঘোষণা দিয়েছিল যে, ২০২১-২৩ সালের মধ্যে বাংলাদেশে ফাইভ জি নেটওয়ার্ক চালু করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই আগামীকাল ১২ ডিসেম্বর থেকে সরকার সীমিত পরিসরে ফাইভ জি নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক দেশের ৬টি নির্ধারিত এলাকায় এই ফাইভ জি নেটওয়ার্ক সরবরাহ করবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, আগামীকাল ১২ ডিসেম্বর পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস। এদিনই বাংলাদেশ ফাইভ জি যুগে প্রবেশ করতে যাচ্ছে। ভার্চুয়ালি যুক্ত থেকে এ ঐতিহাসিক যাত্রার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। ডিজিটাল প্রযুক্তি বিকাশের ইতিহাসে উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণটি অবিস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

মোস্তফা জব্বার আরও বলেন, প্রাথমিকভাবে ঢাকা শহরের প্রধানমন্ত্রী কার্যালয়, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি ৩২ নম্বর, ঢাকার পার্শ্ববর্তী সাভার এবং ঢাকার বাইরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এই ফাইভ জি কাভারেজের আওতায় আনা হচ্ছে। এরপর ঢাকা শহরের ২০০টি গুরুত্বপূর্ণ এলাকা এ প্রযুক্তির আওতায় আসবে। এ ছাড়া আগামী মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়া হবে। এরপর ৩টি বেসরকারি মোবাইল অপারেটর এ প্রযুক্তি চালু করবে।

এদিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *