লাখো মুসল্লীর ভালোবাসায় দরগা মুহতামিমের জানাযা সম্পন্ন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লাখো লাখো আলেম উলামা ও সাধারণ মানুষের উপস্থিতিতে জানাযা সম্পন্ন হয়েছে জামিআ কাসিমুল উলূম দরগার মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কালাম জাকারিয়ার। সকাল থেকে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আলিয়া মাদরাসার মাঠের দিকে জড়ো হতে থাকেন মুসল্লীরা। একজন সাধক আলেমের জানাযায় উপস্থিত হতে গাড়ি ভরে ভরে দূরদূরান্ত থেকে মানুষেরা জানাযায় উপস্থিত হন। পুরো মাঠজুড়ে জনারণ্য হয়ে ওঠে। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সরকারি আলীয়া মাদরাসা ময়দানে তার নামাজের জানাযা অনুষ্ঠি হয়। ভক্তরা শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে শেষ বিদায় জানান শায়খুল হাদীস প্রবীণ মুফতি আবুল কালাম জাকারিয়াকে। জানাযায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ বরেণ্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
জানাযায় ইমামতি করেন দরগাহ মাদরাসার নবনির্বাচিত মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মুহিবুল হক গাছবাড়ি। জানাযা শেষে প্রবীণ এই আলেমকে সিলেট দরগাহ মাদরাসার হিফজখানার বোর্ডিংয়ের সামনে শায়িত করা হয়েছে।
মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজের জানাযায় অংশ নিতে আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। জানাযায় দরগাহ মাদরাসার ছাত্র-শিক্ষক, সিলেটের আলেম সমাজ, সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে লোকারণ্য হয়ে উঠে। এসময় মাদরাসা মাঠে জায়গা না পেয়ে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে যান। আলিয়া মাদরাসা মাঠ থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মুসল্লীরা অবস্থান নেন।
এদিকে, অনেক মুসল্লী যানজট আর ভিড়ের কারণে জানাজায় অংশ নিতে না পারায় আফসোস করতে থাকেন। মুফতি আবুল কালাম যাকারিয়ার জানাযার পূর্বে বিভিন্ন পর্যায়ে শিক্ষক, আলেম, রাজনীতিক ও মরহুমের স্বজনসহ অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জানাযার নামাজের পূর্বে মরহুমের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি ও জামেয়া মাদানীয় আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন, বোর্ডের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, দরগাহ মাদরাসার নবনির্বাচিত মুহতামিম মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, জামেয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, দরগাহপুর মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মখলিছুর রহমান কিয়ামপুরী, ধনুকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান, মুক্তিচর মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, আল্লামা শফিকুল আহাদ, সিলেট এম.সি কলেজের প্রফেসর মাহমুদুল হাসান, মরহুমের আপন ভাই প্রফেসর দেলওয়ার হোসেন, জামাতা মুজম্মিল হোসেন, দরগাহ মাদ্রসার সহকারী মুহতামিম মাওলানা আসাদ উদ্দিন, অ্যাডভোকেট এম.এ রকিব, কাউন্সিলর তৌফিকুল হাদী, দরগাহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মো. হাসান, মাওলানা এনামূল হক, মাওলানা জুনায়েদ কিয়ামপুরী সহ জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জমিয়তুল উলামা, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটের সময় মাদরাসায় আসরের নামাজের অজু করার প্রস্তুতি নিচ্ছিলেন মুফতি আবুল কালাম জাকারিয়া। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুতালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মূল বাড়ি সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাগুয়া গ্রামে। বর্তমানে তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামে বসবাস করছিলেন। মুফতি আবুল কালাম যাকারিয়া ১৯৫৬ সালের ১৫ মার্চ জন্ম গ্রহণ করেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ভাগুয়া গ্রামে। তিনি খলিফায়ে মাদানী শায়খ আব্দুল হক গাজীনগরী রহ. এর জামাতা। তার ইন্তেকালে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গভীর শোক জ্ঞাপন করেছেন।


