লাদাখ সীমান্ত নিয়ে সমঝোতার পথে চীন-ভারত

লাদাখ সীমান্ত নিয়ে সমঝোতার পথে চীন-ভারত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর বিষয়ে ভারত ও চীন সম্মত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) ভারতের সরকারি বিভিন্ন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সোমবার (২২ জুন) দুই পক্ষের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রায় ১১ ঘণ্টা ধরে চলা বৈঠকে এই সমঝোতা হয়। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা চীনা সূত্রকে উদ্ধৃত করে সমঝোতার খবর দিয়েছে।

গত সপ্তাহে হিমালয় পর্বতের পশ্চিমাংশে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতার গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সেনাদের সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও অন্তত ৭৬ জন আহত হয়। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস চীনের দিকেও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।

এরপর থেকে লাদাখ সীমান্তের বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের সেনারা মুখোমুখি অবস্থানে ছিল। উত্তেজনা প্রশমনে উভয়পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা বৈঠকে বসেন। ভারতীয় সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, “পূর্ব লাদাখের সবক’টি সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা পেছানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয়পক্ষই তা বাস্তবায়ন করবে।”

এদিকে আলজাজিরার খবরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়েছে, সীমান্তের বিতর্কিত অংশে উত্তেজনা লাঘবে পদক্ষেপ নেওয়ার বিষয়ে চীন ও ভারত একমত হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বৈঠকে সংলাপ ও সমঝোতার মধ্য দিয়ে দুই পক্ষই নিজেদের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে চুক্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উত্তেজনা প্রশমনের ব্যাপারে সম্মত হয়েছে।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *