পাথেয় টোয়েন্টিফোর ডটকমঃ ভারতের চলতি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবাংলায় এসে যতোই হিন্দুত্ববাদ নিয়ে খেলছেন, ঠিক এর মোকাবিলায় তৃণমূল প্রধান মমতা ব্যানার্জী ধর্ম নিরপেক্ষতাকে হাতিয়ার বানিয়েছেন। তিনি ভারতের মাটিতে নিজেকে ধর্ম নিরপেক্ষতার স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের লাল মাটির দেশ বাঁকুড়ার রানীবাঁধে এক জনসভায় মমতা হিন্দু ধর্মের স্তোত্র পাঠের পাশাপাশি মুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে উচ্চ কন্ঠে তিনি বলে ওঠেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)।পরে তিনি খ্রিস্টান ধর্মের প্রতিও শ্রদ্ধা জানান। এ সময় মমতা আরো বলেন, ‘আমি হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি তবে আমি মোদি-শাহদের হিন্দুত্বকে মানি না। তাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে চাই না।’
সম্প্রতি রাজ্য বিজেপি একটি ভিডিও টুইট করে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, মমতার কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছিলেন কয়েকজন। গাড়ি থেকে নেমে ধমক দেন তৃণমূল নেত্রী। পরে তাঁদের আটক করে পুলিশ। বিজেপির নেতারা বারংবার মমতাকে ‘জয় শ্রীরামের’ খোঁচা মেরে আক্রমণ চালাচ্ছেন। আর বিজেপি নেতাদের সেই আক্রমণের কাছে মাথা না নুইয়ে মমতা প্রতিটি জনসভায়ই সর্বধর্ম ও ধর্মনিরপক্ষের ওপর জোর দিয়ে বক্তব্য দিচ্ছেন।
তৃণমূল দাবি করছে ভুয়া ভিডিও নিয়ে শোরগোল করছে বিজেপি। ওই ঘটনাকে হাতিয়ার করে তমলুক ও ঝাড়গ্রামের সভায় মমতাকে বিদ্ধ করেন মোদি। মোদি বলেন, ”সবাইকে জয় শ্রী রাম। বিশেষ করে মমতা দিদিকে জয় শ্রী রাম। দিদি জয় শ্রী রাম অভিবাদন করার জন্য লোকেদের জেলে পুরতে শুরু করে দিয়েছেন। আমার মনে হয়, দিদিকে সরাসরি জয় শ্রী রাম বলি”।
বাঁকুড়ার সভা থেকে মোদি ও অমিত শাহদের কটাক্ষ প্রসঙ্গে মমতা বলেন, ‘তোমরা যাকে মানবে, আমি তাকে মানব না। বিজেপির স্লোগান (জয় শ্রীরাম) আমি মরে গেলেও আমার মুখ থেকে বের হবে না। আগে এই রাজ্যের বিজেপি নেতারা একটা বিড়ি ধরিয়ে তিনবার ফুঁকতো, এখন তারা টাকার কুমির বনে গেছেন। এবারের নির্বাচনে মানুষ যাতে বিজেপিকে ভোট না দেয় তার আবেদন জানিয়ে মমতা বলেন, সারা বছর আমরাই আপনাদের পাশে থাকি, আর ভোট এলেই ওরা (বিজেপি) দিল্লি থেকে উড়ে আসে। তাই ওদের একটি ভোটও নয়।’
মমতা ব্যানার্জী বলেন, ”বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। তুমি ঠিক করবে আমি কী স্লোগান দেব? নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, জয় হিন্দ। আমরা জয় হিন্দ স্লোগানটা দিই। আমরা বন্দে মাতরম বলি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় গীত লিথেছিলেন। সেই বন্দে মাতরম আমাদের স্লোগান।”
এরপরই তিনি রাম মন্দির প্রসঙ্গ তুলে মমতা বলেন, ”ওদের জিজ্ঞাসা করুন, তুমি যে রাম নাম করো, পাঁচবছর ক্ষমতায় ছিলে। দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক করতে পারি, স্বামী বিবেকানন্দের বাড়ি অধিগ্রহণ করে নতুন করে করেছি। নিবেদিতার বাড়ি করতে পারি। কালীমন্দির করতে পারি। তারাপীঠের মন্দির করতে পারি। বক্রেশ্বর মন্দির করতে পারি। কঙ্কালিতলার মন্দির করতে পারি। বিজেপি বাবুরা ৫ বছরে একটাও রাম মন্দির বানাতে পেরোছো? তুমি তো জয় শ্রী রাম বলো! একটাও রাম মন্দির বানাতে পেরেছো?”


