পাথেয় রিপোর্ট : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলরের সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা।
সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান ডা. দীপু মনি। এসময় ড. রাশিদ আসকারী মন্ত্রীকে জিজ্ঞাসিত বিষয়সমূহ অবহিত করন এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের নতুন মন্ত্রীপরিষদে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি। তিনি দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী।
চাঁদপুর সদর থেকে নির্বাচিত ডা. দিপু মনি গত মেয়াদে সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের জন্য নিবেদিতপ্রাণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের তালিকায় তিনি।
ডা. দীপু মনি ১৯৬৫ খ্রিস্টাব্দের ৮ ডিসেমম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এম এ ওয়াদুদ ও মাতা রহিমা ওয়াদুদ। এম এ ওয়াদুদ বাংলাদেশ আওয়ামী লীগের জন্মকালীন সদস্য, ভাষা আন্দোলনের বীর সৈনিক এবং তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
ডা. দীপু মনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে লেখাপড়া ও ডিগ্রি অর্জন করেন।
ডা. দীপু মনি ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মহিলা পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন।


