পাথেয় টোয়েন্টিফোর ডটকম (সাহরানপুর) : দ্বীনি শিক্ষা অর্জনের একমাত্র উদ্দেশ্য হবে দ্বীন ও উম্মতের খেদমত করা এ কথা বলে অল ইন্ডিয়া দীনি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইয়াকুব বুলন্দশহরী বলেন, দ্বীনি শিক্ষা অর্জন করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। শিক্ষালাভ করে ইসলাম ও মুসলমানদের খেদমত করার জন্যে। সমাজে প্রতিষ্ঠা ও প্রভাব-প্রতিপত্তি অর্জন, সুনাম-সুখ্যাতির জন্যে দ্বীনি শিক্ষা অর্জন করবে না।
ইয়াকুব বুলন্দ শহরী বলেন, কওমি মাদরাসা হলো দ্বীনের মারকাজ। কওমি মাদরাসায় কুরআন-সুন্নাহর চর্চা ও অনুসরণের অভাব দেখা দিলে সমাজের সকল অঙ্গনে দুর্নীতি ও অনাচার ছড়িয়ে পড়বে। আর একমাত্র কুরআন-সুন্নাহর জ্ঞান দুনিয়া ও আখেরাতে সফলতা দিতে পারবে। তিনি আরো বলেন, জীবনে চলার জন্যে দুনিয়াবী প্রয়োজনীয় ও কল্যাণকর জ্ঞান অর্জন ইসলামী দৃষ্টিকোণ থেকেও কাম্য। ইসলামের খেদমত করার জন্যে দুনিয়াবী জ্ঞান-বিজ্ঞান চর্চা করলে সেটা দুনিয়াবী কাজ থাকে না, বরং এটা ইসলামের খেদমত হিসাবে গণ্য হবে।
অল ইন্ডিয়া দ্বীনি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান বলেন, উলামায়ে কেরাম হচ্ছেন এই উম্মতের যিম্মাদার। ভারত স্বাধীনতার ক্ষেত্রে উলামায়ে কেরামদের অনেক কুরবানি ও অবদান রয়েছে। উলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে উম্মতের মাঝে ঐক্য সৃষ্টি করা। উম্মতকে দ্বীনের দাওয়াত দেয়া।
২৪ সেপ্টেম্বর ২০১৮ সোমবার ভারতের ডেইলি পত্রিকা হামারা সামাজের প্রকাশিত সংবাদে জানা যায় ভারতে সাহরানপুরে অল ইন্ডিয়া দ্বীনি মাদারাসা বোর্ডের একটি আলোচনা সভায় তিনি ইয়াকিব বুলন্দশহরী এসব কথা বলেন।
মাওলানা ইয়াকুব বুলন্দশহরী বলেন, মুসলমানদের মাঝে এখন মাযহাব নিয়ে বিভেদ সৃষ্টি হচ্ছে। এক মাযহারের অনুসারীরা অন্য মাযহাবের লোকদেরকে ভালো দৃষ্টিতে দেখে না। অথচ শরীয়তে এটা খুবই নিন্দনীয়। ইসলাম ও মুসলমানদের শত্রুরা এই উম্মতের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্যে এসব ফেৎনা ছড়াচ্ছে। আমাদেরকে এসব ফেতনা থেকে বেঁচে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান ইয়াকুব বুলন্দশহরী।
দ্বীনি মাদারাসা বোর্ডের চেয়ারম্যান বলেন, হৃদয়ে সবসময় আল্লাহভীতি থাকতে হবে। ভারতে মুসলামনদের শক্তি বৃদ্ধি করার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ, দিল্লি
সম্পাদনা : মাসউদুল কাদির


