পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, আগামী শুক্রবার (২০ আগস্ট) থেকে সীমিত পরিসরে ভারতের সঙ্গে ফ্লাইট চালু হবে। ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে দুদেশের মধ্যে এ ফ্লাইট চালু হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। এদিন অতিথি ভবন পদ্মায় ভারতের পক্ষ থেকে ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ভারতে চিকিৎসার জন্য আমাদের দেশ থেকে রোগীদের যেতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির মাধ্যমে ফ্লাইট চালু হচ্ছে।
বাংলাদেশকে ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ছাড়াও প্রায় ২০ টন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।


