শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই : বাবুনগরী

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই : বাবুনগরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সবকিছু উন্মুক্ত রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

কওমি মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষপ্রতিষ্ঠান খুলে দিতে মঙ্গলবার (১৭ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি একথা বলেন।

আল্লামা বাবুনগরী বলেন, বর্তমানে হাটবাজারে ও শপিং মলে যেতে এবং গণপরিবহণে ছাড়তেও কোনো সরকারি বিধিনিষেধ প্রয়োজন পড়ে না। অফিস-আদালত, কল-কারখানাগুলোও পূর্ণ গতিতে চলছে। তা ছাড়া বিশ্বস্বাস্থ্য সংস্থাও বলেছে, করোনা কম বয়সীদের তেমন ক্ষতি করছে না। এমন পরিস্থিতিতে সবকিছু উন্মুক্ত রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনই যৌক্তিকতা থাকে না।

হেফাজত আমীর বলেন, শিক্ষার ধারাবাহিকতা থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে দেশের শিক্ষার্থীরা সময় পার করছে মোবাইল-ইন্টারনেটের ক্ষতিকর ব্যবহার অথবা বন্ধু-বান্ধবের সঙ্গে অহেতুক আড্ডা দিয়ে। পাশাপাশি নানা ধরনের কিশোর অপরাধ আশংকাজনক হারে বেড়ে চলেছে। অভিভাবকরা সন্তানদের বিপথগামিতা ও ভবিষ্যত ভেবে গভীর উৎকণ্ঠায় ভূগছেন।

তিনি বলেন, ইতোমধ্যে দেশের আলেমসমাজও সরকারের প্রতি মাদ্রাসাসমূহ খুলে দিতে বারবার আহ্বান জানিয়ে আসছেন। যাতে করে লাখ লাখ মাদ্রাসা ছাত্রের শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকার পাশাপাশি কুরআন-হাদিস ও ইসলামী জ্ঞান চর্চার বরকতে করোনাসহ সকল বিপদাপদ থেকে দেশ ও জাতি রক্ষা পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *