শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের প্রতি আল্লামা মাসঊদের শোক

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের প্রতি আল্লামা মাসঊদের শোক

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের প্রতি আল্লামা মাসঊদের শোক

পাথেয় রিপোর্ট : বিশ্বজুড়ে সন্ত্রাসীরা ধর্মীয় উপাসনাগুলো তাদের হামলার লক্ষ্যস্থল নির্ধারণ করাকে একটি অসনিসংকেত হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, শ্রীলঙ্কায় নির্দয়ভাবে সিরিজ বোমা হামলা করে সাধারণ মানুষদের এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা দেশে দেশে ত্রাশ সৃষ্টি করে, যারা সমাজের শান্তি বিনষ্ট করে তারা কখনোই কোনো ধর্ম পরিচয় বহন করতে পারে না। এরা কেবলই সন্ত্রাসী। আমি শ্রীলঙ্কায় ঘটে যাওয়া সিরিজ বোমা হামলায় নিহতদের প্রতি গভীর শোক জানাই। নিহতদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ শোক জ্ঞাপন করেন।

তিনি বলেন, একটা সন্ত্রাসী গোষ্ঠী বিশ্বজুড়েই অশান্তি লাগিয়ে রাখার কাজে তৎপর। তাদের মূলোৎপাটন করতে হবে। বিশ্বকে শান্ত ও সুন্দর করতেই সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নয়। তাদের বিরুদ্ধে বিশ্বকে এক হতে হবে।

সন্ত্রাসীরা কারও বন্ধু হতে পারে না দাবি করে আল্লামা মাসঊদ বলেন, যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই জঙ্গিরা, সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ছে। বিশ্বের সব দায়িত্বশীলকেই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

সন্ত্রাসীর কোনো দেশের পরিচয় নেই বলেও মন্তব্য করেন ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, সন্ত্রাসী বা জঙ্গির কোনো দেশের আইডেন্টিটি নেই। এদের একটাই পরিচয় এরা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে সবাইকেই রুখে দাঁড়াতে হবে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৪৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২১ এপ্রিল) এই বোমা হামলার পর নিহতের সংখ্যা অন্তত ২০৭ বলে জানিয়েছে বিবিসি ওয়ার্ল্ড।

দেশটির স্থানীয় সময় রোববার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *