পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাভারের একটি হাউজিংয়ে নির্জন স্থানে গোপন বৈঠক চলাকালে ৬৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করেছে।
শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
তিনি জানান, বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটকের সংখ্যা নিশ্চিত করলেও পরিচয় নিশ্চিত করা হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাভারের ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে অভিযান চালায় পুলিশ। নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে ৬৬ জনকে আটক করা হয়।
বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি দীপক চন্দ্র সাহা।


