সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাথেয় রিপোর্ট : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কেলিয়া এলাকায় বাস চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। ৭ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশুলিয়া থানার সিন্দুরিয়া গ্রামের মো. জাবেদ আলীর ছেলে মো. মৃদুল আহম্মেদ (২৫), একই গ্রামের গ্রামের মো. সোরহাব হোসেনের ছেলে মো. মানিক হোসেন (২২) ও মমিন হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন (১৮)। এদের মধ্যে মৃদুল গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র, মো. মানিক হোসেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ অনার্স ২য় বর্ষের ছাত্র, মো. হৃদয় এবার এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় জানান, ঢাকা থেকে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস কেলিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনের মাথায় আঘাত লাগে।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মোটরসাইকেলে থাকা তিনজনই হেলমেট ছাড়া ছিল। যার কারণে মাথায় আঘাত লেগে তিনজনের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে।

এদিকে পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন মোল্লা (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠি সড়কের আশোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস চালককে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীরা জানান, স্বরূপকাঠি থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের (খুলনা মেট্রো জ-০৪-০০-২৪) যাত্রী ছিলেন সরোয়ার হোসেন। শুক্রবার দুপুর ২ টার দিকে সরোয়ার আশোয়া এলাকায় বাড়িতে যাওয়ার জন্য বাস থেকে নামেন তিনি। এ সময় বাসের চালক অন্য একটি গাড়িকে সাইড দিতে বাসটি চালানো শুরু করলে বাসের ধাক্কায় সরোয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাস ও বাস চালককে আটক করে কাউখালী থানা পুলিশে সোপর্দ করেছে।

আরো জানা যায়, নরসিংদীর শিবপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। শুক্রবার বেলা ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার তাহের মিয়ার ছেলে লোকাল বাস চালক আনোয়ার হোসেন (৪৫), শিবপুরের ঘোড়াগাঁও গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আলাউদ্দিন (৬০) ও কারারচর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৪)। অপর নিহত ব্যক্তির (পুরুষ) নাম পরিচয় পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *