সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে

পাথেয় রিপোর্ট : সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি( সকাল ৮টা থেকে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর এই ক্যাম্পেইন শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ২ কোটি ২০ লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। আমদানি করা ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় এবার শিশুদের খাওয়ানো হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের ওষুধ।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ৪৭ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ মাত্রা) এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ মাত্রা) খাওয়ানো হচ্ছে।

একই সঙ্গে আন্তঃব্যক্তি যোগাযোগ ও গণমাধ্যমের সহায়তায় জন্মের পরপরই (১ ঘণ্টার মধ্যে) শিশুকে শালদুধ খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণ মতো সুষম খাবার খাওয়ানো বিষয়ে প্রচারাভিযান চালানো হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ সবার সার্বিক সহযোগিতায় দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ২ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

এছাড়া দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ১২টি জেলার ৪৬টি উপজেলার ২৪০টি ইউনিয়নে ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন (১০-১৩ ফেব্রুয়ারি) বাড়ি বাড়ি গিয়ে শিশুদের সার্চিং কার্যক্রম পরিচালনা করে বাদ পড়া শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কার্যক্রম সফল করতে ইতিমধ্যে বিভাগ, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা-উপজেলায় অবহিতকরণ সভা এবং সিটি কর্পোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ২ লাখ ৮০ হাজার স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

গত ১৯ জানুয়ারি সারা দেশে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে। এর আগে গত ডিসেম্বরে এই ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও স্কুলশিক্ষার্থীদের পরীক্ষা ও জাতীয় নির্বাচনসহ নানা কারণে তা পিছিয়ে যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কয়েক দিন আগে ভিটামিন-এ ক্যাপসুলে ত্রুটি দেখা দিলে তা খাওয়ানো স্থগিত করা হয়। তবে এবারের ভিটামিন ক্যাপসুলে কোনো সমস্যা নেই। ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই ভিটামিন ক্যাপসুল সরবরাহ করতে দেরি হওয়ায় আদালতে মামলা হয়। মামলা নিষ্পত্তিতে সময় লাগে প্রায় দেড় বছর। ফলে সেগুলো ড্যামেজ হয়ে যায়। তবে ক্যাপসুলের ভেতরে থাকা উপাদানের গুণগতমান ঠিক ছিল। বাড়তি সতর্কতার জন্য আমরা ঝুঁকি নিতে চাইনি। ফলে ভিটামিন-এ ক্যাম্পেইন পেছানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *