পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংকট দেখা দিয়ে যাতে কৃষি উৎপাদনে প্রভাব না পড়ে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারে ভর্তুকি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, গত পাঁচ বছরে ৮ হাজার কোটি টাকা করে সারে ভর্তুকি দিচ্ছিলাম, সেটা গত অর্থবছর দিয়েছি ২৮ হাজার কোটি টাকা। এবার আমরা জুন পর্যন্ত এস্টিমেট (প্রাক্কলিত ব্যয়) করেছি, আমাদের দিতে হবে ৪৬ হাজার কোটি টাকা। এ টাকা কোথা থেকে আসবে? হয় কোনো গুপ্তধন লাগবে, নয়তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ লাগবে! বাংলাদেশ এ টাকা কোথা থেকে জোগাড় করবে?’
কৃষিমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি বলেছি। উনি বলেছেন, এটা তোমার চিন্তার বিষয় না, আমরা সার ও কৃষি উৎপাদনে কোনো ঝুঁকিতে যাবো না। কৃষির উৎপাদনটাকে আমাদের সাসটেইন (দীর্ঘস্থায়ী) করতে হবে। যদি ৪৬ হাজার কোটি টাকা লাগে, এটাই আমরা দেব; তুমি সার কিনো।
সাংবাদিকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আমি আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ সারের কোনো সংকট হবে না। প্রকৃতি যদি আমাদের সহায়ক থাকে, বোরোতেও কোনো ঝুঁকি হবে না, এটুকু আমি আপনাদের বলতে পারি।


